ছোট্টমণির ঘরে রঙিন পর্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের জগৎটা রঙিন। কল্পরাজ্যের সবগুলো চরিত্রকে তারা মেলাতে চায় চারপাশের পরিবেশের সঙ্গে। চরিত্রগুলো যেন ঘুমের রাজ্যেই কিংবা জাগ্রত অবস্থাতেই বিচরণ করে শিশুদের মাঝে। করবেই বা না কেন, শিশুর জগৎটাই তো শুরু হয় কল্পনা দিয়ে। তার কল্পনাকে বিকশিত হতে সাহায্য করে তার পরিবেশ, বিশেষত তার থাকার ঘরটা। কেননা দিনের শুরুটা হয় খোলা জানালা অথবা দরজার দিকে তাকিয়ে। তাই আসবাবের মতো শিশুর বিছানার চাদর কিংবা জানালা আর দরজার পর্দাটা হওয়া দরকার বর্ণিল। মোট কথা, শিশুর মনের মতো। বাজারে মিলছে উজ্জ্বল রং, কার্টুন আর নানা প্রাণীর ছবি-সংবলিত পর্দা। ঢাকার এলিফ্যান্ট রোডের পর্দার দোকান ইওর চয়েজ ফেব্রিকসের ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম বলেন, ‘কয়েক বছর ধরে শিশুদের জন্য কার্টুনের পর্দার কাপড় রাখি। শিশুরা চায় সবকিছু তার মনের মতো হোক, তাই অভিভাবকের সঙ্গে দোকানে এলেই জানতে চায় তাদের জন্য কী আছে। শিশুদের চাহিদার দিকে লক্ষ্য রেখেই শিশুতোষ ছবি আর নানা রঙের ব্যবহারে পর্দা কিংবা কাপড় রাখছি। কেউ চাইলে গজ কাপড় কিনেও বানিয়ে নিতে পারবেন।’তিনি জানান, শিশুদের জন্য কার্টুনের পর্দার কাপড় বেশির ভাগই কোরিয়া আর চীন থেকে আনা। শিশুদের পছন্দের নানা চরিত্র যেমন সিনডারেলা, মিকি মাউস, স্পাইডার ম্যান, ব্যাটম্যান, ইয়োগি, পোকেমনের মতো কার্টুনের চরিত্র যেমন আছে তেমনি আছে প্রজাপতি, পাখি, ফুল আকাশের ছবি-সংবলিত পর্দার কাপড়। এ ছাড়া গাড়ি, রকেট, প্লেনের ছবিওয়ালা কাপড় মিলবে এখানে।ছেলেদের ঘরের জন্য অনেকেই পছন্দ করেন গাঢ় রং আর মেয়েশিশুর ঘরের জন্য পছন্দ করেন হালকা রং —এমনটা জানা যায় পর্দার কাপড়ের দোকান শারমিন এন্টারপ্রাইজের দোকানি মোহাম্মদ সবুজের কাছ থেকে। একই বাজারের মদিনা ক্লথ স্টোরের কর্মী রশিদ আলম বলেন, এক কাপড়ে এক বা একাধিক কার্টুনের ছবি-সংবলিত পর্দার কাপড়ও মিলবে। তিনি আরও বলেন, একটা জানালায় তিনটি আর দরজায় দুটি পর্দা লাগে। প্রতিটি কেনা যাবে ৩০০-৪০০ টাকা দরে। তবে কার্টুনের কাপড় কিনলে গজপ্রতি কেনা যাবে ১৮০-২৫০ টাকা দরে। নগরের এলিফ্যান্ট রোডের পর্দার দোকানে পাবেন এই কাপড়।