ছোট্টমণির চুলের বাঁধন
অনেকেই মনে করে, ছোটদের আবার ফ্যাশন কিসের? আর যদি হয় চুলের, তাহলে তো কথাই নেই, বড়দের সিদ্ধান্তই চূড়ান্ত। পার্টি কিংবা স্কুলে যাওয়ার সময় চুল একভাবে বেঁধে দিলেই চলে। চুলের ছাঁটের ক্ষেত্রেও বিশেষ মনোযোগ দেন না মা-বাবা। কিন্তু হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিষয়ক পরামর্শক তানজিমা শারমিন বলেন অন্য কথা। তিনি বলেন, বাচ্চাদের দরকার আলাদা হেয়ার স্টাইল। বাচ্চাদের হেয়ার স্টাইল বলতে সহজ ও সুন্দর হেয়ার স্টাইলই বোঝায়, যা সব সময় একটা শিশু সহজভাবে বহন করতে পারে। তানজিমা শারমিন জানান, স্কুলে যাওয়ার সময় যে বাচ্চার চুল বড়, তা কয়েকভাবেই বেঁধে দেওয়া যেতে পারে। তবে যেভাবেই চুল বাঁধা হোক না, চুল বাঁধার ঢং মূলত নির্ভর করে চুলের ঝুল কতটুকু, তার ওপর। চুল একটু বেশি লম্বা হলে দুই বেণি করে দেওয়াই ভালো। দুই পাশে দুটি বেণি করে এর পাশে লাগিয়ে দেওয়া যেতে পারে ছোট ক্লিপ। চুল খুব বেশি লম্বা না হলে একটি কিংবা দুই পাশে দুটি পনিটেইল করা যেতে পারে। পনিটেইল স্কুলের পোশাকের সঙ্গে বেশি মানায়।পার্টি মানেই জমকালো পোশাক আর চুলের বাঁধনটা পোশাকের সঙ্গে যেন মিলে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে বলে মনে করেন এই রূপ বিশেষজ্ঞ। তিনি বলেন, চুলের ঝুল যদি বেশি হয়, সে ক্ষেত্রে সামনে একটু ফুলিয়ে (পাফ করে) পেছনে সেট করে দিতে হবে। চাইলে সামনে থেকে বেণি শুরু করে কিছুটা ফাঁকা রেখে আবার বেণি করা যেতে পারে। এভাবে সামনে বেশ কয়েকটা বেণি করে ছোট ক্লিপ দিয়ে বেণির নিচের অংশে আটকিয়ে পেছনের বাকি চুল ছেড়ে রাখলে বেশ ভালো লাগে। আবার পেছনে পনিটেইল করে সামনে ও পাশের চুলে কয়েকটা রঙিন ক্লিপ লাগিয়ে দেওয়া যায়। সামনে চুল চলে এলে শিশুরা অস্বস্তি বোধ করে, তাই সামনে যেন চুল চলে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে শিশুর চুল যদি সামনে ব্যাংস করে কাটা হয়, সে ক্ষেত্রে পেছনে পনিটেইল করে সামনে চুল ছেড়ে রাখলেও ভালো দেখায়। অনেকে আবার বাচ্চার চুল ছেড়ে রেখে পুরো চুলেই ছোট ছোট ক্লিপ লাগিয়ে দেন। পোশাকের সঙ্গে মানিয়ে ক্লিপ লাগালে দেখতেও দারুণ লাগে।ছেলে বাচ্চাদের ক্ষেত্রে হালকা জেল দিয়ে চুল স্পাইক করে দেওয়া যেতে পারে।তবে ছোট্টমণির চুলের বাঁধন যেমনই হোক, সে যেন আরাম বোধ করে, সেদিকে খেয়াল রাখতে হবে।গরমে শিশুর চুলের কাটের ক্ষেত্রে আনা যেতে পারে পরিবর্তন—বলেন তানজিমা শারমিন। তিনি বলেন, প্রায়ই স্যালনে এসে মা-বাবা নির্ধারণ করেন ছোট্টমণির চুলের কাট কেমন হবে। জানতে চান না ছোট্টমণির পছন্দের তালিকায় কী আছে। শিশুর বয়স ১২ বছর হওয়ার আগ পর্যন্ত ম্যানেজেবল বা সামলে নেওয়ার মতো কাট দেওয়া উচিত। অর্থাৎ এমন কোনো কাট দেওয়া উচিত নয়, যা সামলাতেই হিমশিম খায় শিশুটি।গরমে ছেলেশিশুদের সবচেয়ে বেশি চলে ক্রুকাট, বাজকাট, স্পাইক, রাহুলকাট, ট্যাপার্ডকাট। এই কাটগুলোয় ছোট খোকাকে অনেক স্মার্ট দেখায়। আর অনায়াসেই বয়সের সঙ্গে মানিয়েও যায়।মেয়েশিশুদের ক্ষেত্রে বেশি চলে ববকাট, ডায়নাকাট, পিক্সিকাট, স্লাইসকাট, সুইচকাট, ট্যাপার্ডকাট অথবা কানের দুই পাশে ও কপালের চুলগুলো অপেক্ষাকৃত বড় রেখে সামনের দিকে আঁচড়িয়ে রাখলে ভালো দেখায়। বাচ্চা মেয়ের চুল বড় হলেও বড়দের কাটগুলো এড়িয়ে চলাই ভালো। চুল যদি কাঁধ পর্যন্ত হয়, তবে আন্ডারকাট, ফ্রিঞ্জ উইথ লেয়ার, শ্যাগি, ওয়েজ ও বব মিক্সড, ফ্রিঞ্জ, চায়নিজ লেয়ার, লেয়ার ইন শর্ট লেন্থ, ইনভার্টেড কাট, ইতালিয়ান ওয়েজ কাট দেওয়া যেতে পারে। যেকোন স্যালনে এসে ছবি দেখে এই কাটগুলো বেছে নিতে পারেন। মা-বাবার জন্য কিছু পরামর্শ বাচ্চাদের চুল হাইলাইট না করাই ভালো। বাচ্চা মেয়ের চুল সাধারণভাবে বেঁধে অথবা ছেড়ে রাখুন। বাচ্চার চুল প্রতিদিন ভালো করে ধুয়ে ফেলা উচিত। চুলের কাটের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে শিশু যেন আরাম পায়। চুলের কাটের ক্ষেত্রে শিশুসুলভ ভাবটা যেন বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।