ছোবড়া বেচে কারখানার মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের কারণে লেখাপড়া করতে পারেননি কামাল উদ্দিন। নারকেলের খোসা কুড়িয়ে এনে তা থেকে ছোবড়া বের করে বাজারে বিক্রি করে সংসার চলত তাঁদের। বাবার কাছেই ছোবড়া তৈরির হাতেখড়ি হয় তাঁর। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছেন। কিন্তু সামান্য আয়ে সংসার চলছিল না। উপায় খুঁজে বের করতে মেধা খাটিয়ে বানিয়ে ফেলেন ছোবড়া তৈরির যন্ত্র। এরপরের গল্পগুলো কেবলই সাফল্যের। কামাল উদ্দিন এখন সীতাকুণ্ডের আনোয়ারা জুট মিল এলাকায় ছোটখাটো একটা কারখানা প্রতিষ্ঠা করেছেন। তাঁর কারখানায় পাঁচজন শ্রমিকও কাজ করেন। ছোবড়া বেচে এখন ভালোমতোই সংসার চালাচ্ছেন তিনি।চার ভাই তিন বোনের মধ্যে কামাল উদ্দীন (৪৬) সবার বড়। শৈশবে ও কিশোর বয়সে বাবার সঙ্গে নারকেল তেল তৈরির কারখানাসহ নগরের বিভিন্ন এলাকা থেকে নারকেলের খোসা খুঁজে আনতেন। খোসাগুলো প্রথমে পানিতে ভেজাতেন, নরম হওয়ার পর আঁশ তুলে শুকিয়ে বিক্রি করতেন আসবাব ও লেপ-তোশকের দোকানে। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর শুরু হয় কামালের জীবনযুদ্ধ। ২০০৬ সালে চট্টগ্রামের ঠিকানা ছেড়ে চলে আসেন সীতাকুণ্ডে। সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ১৮ শতক জায়গা ভাড়া নিয়ে ছোবড়া উৎপাদনের কাজ শুরু করেন। তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরাও এ কাজে হাত লাগাতেন। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছিল না। শেষে ধান মাড়াইকলকে সামান্য অদল-বদল করে নিজেই বানিয়ে ফেলেন ছোবড়া ছাড়ানোর যন্ত্র। যন্ত্র বসানোর পর আয়ও বাড়তে থাকে। কিনে ফেলেন ১৮ শতকের জায়গাটা। এভাবেই প্রতিষ্ঠা করেন তাঁর স্বপ্নের কারখানা।ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও কক্সবাজার থেকে ট্রাকভর্তি নারকেলের খোসা আসে তাঁর কারখানায়। প্রতি এক শ নারকেলের খোসা কেনেন ৫০ থেকে ৭০ টাকায়। বিভিন্ন নামকরা আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠানে এখন ছোবড়া বিক্রি করেন কামাল। প্রতিমণ বিক্রি হয় ৬০০ থেকে ৭০০ টাকায়। শ্রমিক ও কাঁচামালের খরচ বাদ দিয়ে মাসে আয় হয় ৩০ থেকে ৫০ হাজার টাকা। সম্প্রতি কামাল উদ্দিনের কারখানায় গিয়ে দেখা যায়, দুইজন নারী শ্রমিক নারকেলের খোসা কুড়িয়ে এনে যন্ত্রে ঢুকিয়ে দিচ্ছেন। বাকি শ্রমিকদের কেউ ছোবড়া রোদে শুকাতে দিচ্ছেন, কেউ বা শুকনো ছোবড়া আঁটি বেঁধে রাখছেন।কামাল জানান, লেপ-তোশক এবং চেয়ার ও সোফার গদি তৈরিতে ছোবড়া ব্যবহার হয় বলে চাহিদাও থাকে সব সময়। ছোবড়া বেচে বাড়ি করেছেন, লেখাপড়া করাচ্ছেন দুই সন্তানকে। দুই ভাই ও দুই বোনকে বিয়েও দিয়েছেন। সরকারের সহায়তা পেলে কারখানার পরিসর আরও বাড়াবেন বলে জানালেন তিনি।