ছড়া দখল করে আওয়ামী লীগ নেতার দেয়াল নির্মাণ!
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনারপাড়া গ্রামে বর্ষার পানি চলাচলের ছড়া দখল করে দেয়াল নির্মাণ করছেন এক ব্যক্তি। এতে বৃষ্টির পর জলাবদ্ধতার শিকার হচ্ছে ছড়ার পাশে বসবাসকারী কয়েক শ পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেয়াল নির্মাণকারী আলিম উল্লাহ নিজেকে আওয়ামী লীগের নেতা বলে দাবি করেন।১১ ও ১২ মে দুই দিন বৃষ্টিপাতের পর ছড়ার উভয় পাশে বসবাসকারী পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। ছড়াসংলগ্ন গ্রামবাসীর আশঙ্কা—পুরোপুরি বর্ষা নামলে পানিবন্দী হয়ে পড়বেন তাঁরা।১৩ মে সকালে সরেজমিনে দেখা যায়, পশ্চিম সোনারপাড়া, দক্ষিণ সোনারপাড়া, ডেইলপাড়া, বড়পাড়া ও সোনারপাড়া বাজারের মধ্য দিয়ে প্রবাহিত স্থানীয় বড় ছড়ার উভয় পাশের কয়েক শ বসতবাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে।বড়পাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল কাদের চৌধুরীসহ অনেকেই এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁরা বলেন, ‘প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রবহমান ছড়াটি পাহাড় থেকে এসে রেজু খালের মোহনা দিয়ে সমুদ্রে মিশেছে। এ ছড়ার মধ্যখানে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দানকারী আলিম উল্লাহ তাঁর বসতভিটার সামনে ছড়ার মুখে পাকা দেয়াল নির্মাণ করেছেন। এতে ছড়ার পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়। এতে গ্রামের মানুষ বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়ছেন।’জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম এ প্রসঙ্গে বলেন, ‘সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নে সোনারপাড়া বাজারসহ চারটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এ ছড়া। এ বছর স্থানীয় বাসিন্দা আলিম উল্লাহ প্রভাব খাটিয়ে তাঁর বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করতে গিয়ে ছড়ার পানি চলাচলের মুখ বন্ধ করে দেন। গত বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হলে ছড়া দিয়ে পানি চলাচল করতে না পারায় জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ ব্যাপারে এলাকার বিক্ষুব্ধ শত শত মানুষ ১২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।’অভিযুক্ত আলিম উল্লাহ মুঠোফোনে বলেন, ‘আমার বাড়ির সামনে আমি সীমানাপ্রাচীর দিয়েছি। এতে কারও অসুবিধা হলে আমার করার কিছুই নেই।’ জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী বলেন, ‘আলিম উল্লাহ নামের কেউ তাঁর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। আলিম উল্লাহ আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থক। এ পরিচয়ে তিনি এলাকায় দাপট দেখিয়ে বেড়াচ্ছেন।’জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, ‘পানি চলাচলের ছড়া দখলকারী অভিযুক্ত আলিম উল্লাহ একজন চিহ্নিত ভূমিদস্যু। প্রভাব খাটিয়ে করে তিনি এ কাজ করেছেন।’ এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, ‘জনদুর্ভোগ সৃষ্টি করে পানি চলাচলের ছড়া জবরদখল করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’