ছড়ার মতোই জীবন
‘রেশনের পচা চাল/টলটলে বাসি ডাল/থালাটাও ভাঙাচোরা/বাটিটাও লিক আছে/খেতে বসে জানালেন/ ঠিক আছে ঠিক আছে,...মেঘ দেখে মেহমান/চাইলেন ছাতাখান/দেখালাম ছাতাটার/ শুধু কটা শিক আছে/তবু তিনি বললেন/ঠিক আছে ঠিক আছে।’নিজের লেখা ‘ঠিক আছে’ ছড়াটির মতোই জীবন তাঁর। গান, কবিতা আর কথায় উঠে এল এমন একটি জীবনের গল্প। ৫ জানুয়ারি ছিল ছড়ার জাদুকর সুকুমার বড়ুয়ার ৭৩তম জন্মদিন। ওইদিন জেলা শিশু একাডেমী মিলনায়তনে রাউজান ক্লাব আয়োজন করে অন্য রকম অনুষ্ঠানের। শুরুতেই ছিল কথামালা। বিকেল তিনটায় অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। বক্তব্য দেন অধ্যাপক আইয়ুব ইসলাম, জিনবোধি ভিক্ষু, সাংবাদিক মোস্তাক আহমদ ও রাশেদ রউফ, ব্যবসায়ী মাহবুবুল আলম তালুকদার। এক দল শিশু যখন ‘নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার’ গানটি পরিবেশন করছিল তখন ছড়াকার অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন। জেলা প্রশাসক বলেন, ‘প্রতিভার কোনো দেশ নেই। এটি সৃষ্টিকর্তার দান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবানরা উঠে আসতে পারে, বিকশিত হতে পারে। সুকুমার বড়ুয়া এর প্রমাণ।’আলোচনার ফাঁকে কাবেরী সেনগুপ্তা ও তাঁর দল ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’ ও ‘কোন আলোতে প্রাণের প্রদীপ’ গান দুটি পরিবেশন করেন। আঞ্চলিক ছড়া পড়েন তালুকদার হালিম। ছড়াকারের উদ্দেশে ছড়া পড়েন গোফরান উদ্দিন। ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক জানান, ‘সুকুমার বড়ুয়া বাংলা সাহিত্যের গর্ব। তিনি রাউজানের বিনাজুরি গ্রামের সন্তান। তাই তাঁকে সম্মান জানানো আমাদের কর্তব্য। এ চিন্তা থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ জন্মদিনটা শিশুদের সঙ্গে কাটাতে পেরে সুকুমার বড়ুয়াও খুব খুশি। তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার মধ্যে আছি। আর কত দিন লিখতে পারব জানি না। তবে আজ খুবই আনন্দ পেয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিন।’