ছড়িয়ে দাও সবখানে
সারা দেশে কিছুদিন পরে আবারও শুরু হবে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। তার আগে দেশের সব প্রান্তে ইন্টারনেটের আলো ছড়িয়ে দিতে শুরু হয়েছে ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট কর্মশালা ‘আই-ক্যাম্প’। এ ছাড়া সবার মধ্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার জন্য চলছে ‘স্প্র্রেড দ্য লাইট’ কার্যক্রম।এই দুটি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়ে একজন আই-জিনিয়াস হিসেবে আমি গর্বিত ও আনন্দিত।যখন আই-জিনিয়াস নির্বাচিত হই, তখন মনে হয়েছিল শুধু একটি প্রতিযোগিতায় জয়ী হলাম। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ধারণাটি পাল্টে যেতে থাকে। যখন মানুষের মধ্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পেলাম, বুঝতে পারলাম, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়। এটি একটি বিশাল দায়িত্ব। এখন প্রত্যেক আই-জিনিয়াস নিজের এলাকার ইন্টারনেট দূত। তার হাত দিয়েই হতে যাচ্ছে ই-বাংলাদেশের সূত্রপাত।সমপ্রতি নিজের জেলা গোপালগঞ্জে আই-ক্যাম্প করতে গিয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হয়েছে। শিক্ষার্থীদের প্রবল আগ্রহই জানান দিচ্ছে আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। অনুষ্ঠান পরিচালনার নানা প্রতিবন্ধকতা রয়েছে। তবুও শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া আমাকে মুগ্ধ করেছে। আই-ক্যাম্প পরিচালনার সময় বারবার মনে হয়েছে, এই শিক্ষার্থীদের আগ্রহের কোনো কমতি নেই। গ্রামীণফোনের এই মহান উদ্যোগে আজ তারা জানতে পারছে ইন্টারনেট বিষয়ে, যা দেশের জন্য এনে দিতে পারে বিশাল সম্ভাবনার পথ। প্রতিষ্ঠানগুলোর শিক্ষকেরাও ক্যাম্পে যোগ দিয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছেন। তাই ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার এই ছোট্ট দায়িত্ব পেয়ে আমার খুবই ভালো লাগছে। আশা করি, এবারের ইন্টারনেট উৎসব আরও সাফল্য লাভ করবে।আই-ক্যাম্প ছাড়াও ‘স্প্রেড দ্য লাইট’ কার্যক্রমের মাধ্যমে আমরা পৌঁছাতে পেরেছি সেসব মানুষের কাছে, যারা এখনো ইন্টারনেটের নামও শোনেনি, ব্যবহার তো দূরের কথা। তাদের কাছে যখন ইন্টারনেটের সহজলভ্যতার কথা বলি, তারা আশার আলো দেখে। তাদের চোখে আগামী দিনের বাংলাদেশ দেখা যায়, যে বাংলাদেশের প্রতিটি মানুষ ইন্টারনেটের আলোয় আলোকিত হবে।আজ আর বলার অপেক্ষা রাখে না আমাদের দেশের চিত্র বদলানোর মঞ্চ তৈরি। এখন শুধু সেই সোনালি দিনের অপেক্ষা। আর এই মঞ্চ তৈরি করে দেওয়া এবং মানুষের কাছে পৌঁছানোর এত বড় দায়িত্ব আমাদের মতো ছোট্ট আই-জিনিয়াসদের হাতে দেওয়ার জন্য গ্রামীণফোন ও প্রথম আলোকে অশেষ ধন্যবাদ।