ছড়িয়ে পড়ছে বিশ্বকাপ-জ্বর কর্তৃপক্ষ নির্বিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচ্ছদ: তুলি
প্রচ্ছদ: তুলি

দুনিয়ায় অনেক রকম জ্বর আছে। ডেঙ্গু জ্বর, বাতজ্বর, টাইফয়েড কিংবা ভাইরাস জ্বর। আরেক প্রকার জ্বরও আছে, তবে এতে শুধু চাকরিজীবী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাই বেশি আক্রান্ত হয়। স্কুল কিংবা অফিসে যেতে ইচ্ছা না করলেই সাধারণত এই জ্বরকে দাওয়াত দিয়ে ডেকে আনা হয়। প্রেমিকার সঙ্গে দেখা করতে হবে, এদিকে অফিসে ভীষণ কাজ। কী আর করা, ফোন করে বলে দিলেই হয়, ‘আমার জ্বর এসেছে, আজ অফিসে আসতে পারব না।’ এ-জাতীয় জ্বরে শরীরের কোনো ক্ষতি হয় না। মনও থাকে প্রফুল্ল। এমনই ক্ষতিহীন আনন্দময় জ্বর আরও একটা আছে। চার বছর পরপর আসা এই জ্বরের নাম বিশ্বকাপ-জ্বর। কয়েক দিনের ব্যবধানে এই জ্বর ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। বর্তমানে সারা বিশ্বের মানুষই নাকি এই জ্বরে আক্রান্ত। জ্বরটা বেশ ছোঁয়াচে। একজন ছাদে ব্রাজিলের পতাকা ওড়ালে তার দেখাদেখি অন্যরাও ব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকা ওড়ানো শুরু করে। সবাই বলছে, ‘আমি বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত।’ কিন্তু দুশ্চিন্তার ব্যাপার হলো, এই জ্বর মাপার কোনো থার্মোমিটার এখনো আবিষ্কার করা হয়নি। কার জ্বরের পরিমাণ কত, আসলেই জ্বর আছে কি না, থার্মোমিটার ছাড়া মানুষ তা জানবে কীভাবে? কর্তৃপক্ষের উচিত বিশ্বকাপ-জ্বর পরিমাপের বিশেষ থার্মোমিটার তৈরির গবেষণা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া।
এ ছাড়া টিভি-পত্রিকায় প্রতিদিনই দেখা যায়, ‘বিশ্বকাপ-জ্বরে কাঁপছে পুরো দেশ’ টাইপের খবর। এটাও আমাদের দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনিতেই আমরা ভূমিকম্পের ঝুঁকিতে আছি। তার ওপর যদি সারা দেশ এভাবে বিশ্বকাপ-জ্বরে কাঁপতে থাকে, তাহলে যেকোনো সময়ই ঘটতে পারে দুর্ঘটনা। তাই জ্বর কমাতে পর্যাপ্ত প্রতিষেধকের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা করা উচিত। অথচ কর্তৃপক্ষ এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। ভাব দেখে মনে হচ্ছে, তারাও বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত।