ছড়িয়ে পড়ছে স্প্যাংলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় শহরের পথেঘাটে একটু কান খাড়া করলেই স্প্যানিশ ভাষায় কথাবার্তা শোনা যায় আজকাল। এর কারণ ইংরেজি বলিয়ে সংখ্যাগরিষ্ঠ মার্কিনদের সঙ্গে কাজকর্ম ও সামাজিকতার সূত্রে মেলামেশা হচ্ছে স্প্যানিশভাষী অভিবাসীদের।লক্ষণীয় বিষয় হচ্ছে, ক্রমেই বেশিসংখ্যক ল্যাটিনো দুটো ভাষাতেই কথা বলছে বিশেষ করে যেসব শিশু মার্কিন স্কুলগুলোতে পড়াশোনা করছে তারা। প্রায়ই এরা কথা বলতে বলতে খুব স্বাভাবিকভাবেই এক ভাষা থেকে অন্য ভাষায় চলে যায়। অথবা একটা ইংরেজি শব্দ ধার করে স্প্যানিশ বাক্যে বসিয়ে দেয়। আর এভাবেই তারা নতুন একটা দোআঁশলা ভাষা তৈরি করছে। লোকে এর নাম দিয়েছে ‘স্প্যাংলিশ’।স্প্যাংলিশ বলিয়ে এই প্রজন্ম ক্রমেই সংবাদমাধ্যমের কাছেও বিরাট ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞাপনী সংস্থাগুলোও তাদের আর খাটো করে দেখতে পারছে না। ক্যালিফোর্নিয়ার ইস্ট লস অ্যাঞ্জেলেসের বেল হাইস্কুলের ছাত্রী আদ্রিয়ানা এ প্রসঙ্গে বলে, ‘বাড়িতে আমি স্প্যানিশে কথা বলি। তবে ভাইদের সঙ্গে নয়। ওদের সঙ্গে আমি ইংরেজিতেই কথা বলি।’ আদ্রিয়ানা নিজে রক গান শুনতে ভালোবাসে, তবে তার বাবার পছন্দ ঐতিহ্যবাহী মেক্সিকান র‌্যানচেরাস গান।আদ্রিয়ানার মতো দ্বিতীয় প্রজন্মের হিসপানিকদের অনেকেই পাশাপাশি দুটি ভুবনকেই লালন করছে। স্কুলে শেখা ইংরেজি তারা ব্যবহার করছে সামাজিকতায় আর বাবা-মায়ের সঙ্গে বাড়ির ভেতর চলছে স্প্যানিশ। এসব অভিবাসী শিশুর প্রতি পাঁচজনের চারজনই অবিরাম ইংরেজিতে কথা বলতে পারে। আবার এদের একটি অংশ হড়বড়িয়ে স্প্যানিশও বলতে পারে। প্রতি ১০ জনের মধ্যে সাতজনই স্বীকার করেছে তারা স্প্যাংলিশ বলে।‘পোর আহেমপ্লো (ফর এক্সাম্পল), আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। কখনো কখনো ইংরেজিতে স্প্যানিশ মিশে যাচ্ছে। যেমন ধরুন, বন্ধুকে বলছি ‘হেই...কোমো এস্তাস, আই স ইউ দ্য আদার ডে (তোমাকে সেদিন দেখলাম..)’—ভাষাগত মিশেলটি কীভাবে ঘটে তা বোঝাতে এভাবেই কথা বলে ওঠে ১৫ বছর বয়সী ইলিন। স্প্যাংলিশের আরও কয়েকটি উদাহরণ দিল সে। যেমন, ‘ই-মেইলিয়ার’, ‘সেক্জাপিল’, ‘হরা ডি লঞ্চে-(লাঞ্চ আওয়ার)’।কিছু বাক্য প্রায় পুরোটাই ইংরেজিতে বলা হয়, শুধু একটি স্প্যানিশ শব্দ ছাড়া। উল্টোটাও ঘটে। পুরো বাক্য স্প্যানিশে বলে ‘সো’র মতো ছোট্ট একটি ইংরেজি সংযোজক বসানো হয়।গত বছর স্প্যাংলিশে ব্লগ লেখার সিদ্ধান্ত নেওয়া ক্রিস্টিনা বুর্গোস বলেন, ‘আমি এটাকে দুটো বড় ভাষার সমন্বয় হিসেবে দেখছি। যে ভাষা নতুন একটি অভিব্যক্তি প্রকাশে সহায়তা করছে এবং যা শুধু ইংরেজি কিংবা শুধু স্প্যানিশের চেয়ে সমৃদ্ধ।’টিভি স্টেশনগুলোও এই স্প্যাংলিশ বলিয়েদের কথা মাথায় রেখে কিছু অনুষ্ঠান করছে এখন। বিশেষ করে যেসব টিভি অনুষ্ঠান দ্বিতীয় প্রজন্মের ল্যাটিনোদের জন্য বানানো হয় তাতে শোনা যাচ্ছে এ দোআঁশলা বুলি। এসব কেব্ল টিভির মধ্যে রয়েছে এমটিভির এমটিভি টিআর থ্রিস এবং এনবিসির মুন ২।দ্বিতীয় প্রজন্মের মেক্সিকান আমেরিকান ইয়ারেল রামোস। তরুণ ইয়ারেল মুন ২-তে চলা মেক্সিকোর আঞ্চলিক গানের ভিডিওর অনুষ্ঠান ‘রেভেনটন’-এর উপস্থাপিকা। এ অনুষ্ঠানে ইয়ারেল ও তার অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অনর্গল স্প্যাংলিশ বলে যায়। এক অনুষ্ঠানে দর্শকদের কাছে ইয়ারেল তার অতিথিদের পরিচয় করিয়ে দেন এভাবে: ‘আকি এস্তামোস কন ফ্রান্সিসকো ই সার্জিও এবং অ্যান্ড আই অ্যাম অ্যাট অ্যাঞ্জেল স্টেশন এন এল ডাব শো গাইজ, হাউই’জ ইট গোইং?’বিজ্ঞাপনী সংস্থাগুলোকেও নাড়া দিয়েছে স্প্যাংলিশ প্রজন্ম। এদের বাজার ধরতেই যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল ও বিলবোর্ডে স্প্যাংলিশ বিজ্ঞাপন শোভা পাচ্ছে, কয়েক বছর আগেও যা ছিল অনেকটাই ব্রাত্য।