ছয় ইউপিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তৃতীয় দফায় অনুষ্ঠেয় নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ছয়টিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এর ফলে বেকায়দায় পড়েছে দলটি। এতে আওয়ামী লীগের তৃণমূেলর নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। অন্যদিকে এসব ইউপির পাঁচটিতে বিএনপির রয়েছে একক প্রার্থী।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার হারবাং, বরইতলী, লক্ষ্যারচর, কৈয়ারবিল, শাহারবিল, সুরাজপুর-মানিকপুর, কাকারা, ফাঁসিয়াখালী, চিরিঙ্গা, ডুলাহাজারা, খুটাখালী ও বমু বিলছড়ি ইউপিতে তৃতীয় দফায় ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, কেন্দ্র থেকে ১২ ইউপিতে আওয়ামী লীগের একক দলীয় প্রার্থী ঘোষণা করা হলেও ছয় ইউপিতে দলের ‘বিদ্রোহী’ প্রার্থীরাও লড়ছেন।
জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, ‘দলীয় প্রার্থীর বিপক্ষে যাঁরা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা হচ্ছে। তাঁরা অবশ্যই সরে দাঁড়াবেন। নতুবা দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।’
বরইতলী ইউপিতে দলের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘সাধারণ নেতা-কর্মী ও ভোটারদের চাপে প্রার্থী হয়েছি। আমি মেহনতি জনতার প্রার্থী।’ আর বিএনপিতে রয়েছেন একক প্রার্থী জালাল আহমদ সিকদার।
কৈয়ারবিল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী। এখানে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইকবাল হোসেন ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। ইকবাল হোসেন বলেন, ‘কৈয়ারবিলের বেশির ভাগ নেতা-কর্মী ও আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা আমার পক্ষে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চিত। এ কারণে প্রার্থী হয়েছি।’ বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছেন শরীফ উদ্দিন চৌধুরী।
বমু বিলছড়ি ইউপিতে নৌকা প্রতীক তুলে দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিনের হাতে। কিন্তু দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসবে নির্বাচন করছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কফিল উদ্দিন। তাঁর অভিযোগ, ‘কামাল উদ্দিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ওই দল থেকে পদত্যাগ না করেই আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। দলের একজন কর্মীও তাঁর পক্ষে নেই। দলের নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করছেন। নেতা-কর্মীদের চাপে আমি প্রার্থী হয়েছি।’ কামাল উদ্দিনের দাবি, তিনি আগে বিএনপি করলেও এখন আওয়ামী লীগ করেন। এখানে বিএনপির প্রার্থী আবদুল মতলব।
খুটাখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাহাদুর হক। এ ইউপিতে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জয়নাল আবেদিন। তিিন বলেন, ‘বাহাদুর হক দলে অনুপ্রবেশকারী। পাঁচ বছর আগেও তিনি বিএনপির বড় নেতা ছিলেন। দলীয় গ্রুপিংয়ের সুযোগে তিনি আওয়ামী লীগে ঢুকে পড়েছেন। অনুপ্রবেশকারীর হাত থেকে দলের নেতা-কর্মীদের বাঁচাতে আমি প্রার্থী হয়েছি।’ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বাহাদুর হক বলেন, ‘আগে কী ছিলাম বড় কথা নয়, এখন কী করছি, সেটাই বড় বিষয়।’ এই ইউপিতে বিএনপির প্রার্থী আনিসুর রহমান।
সুরাজপুর-মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিমুল হক। এ ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা রুস্তম শাহরিয়ার। শাহরিয়ার বলেন, ‘নেতা-কর্মী ও সমর্থকদের চাপে প্রার্থী হয়েছি। দেখা যাক কী হয়?’ এখানে বিএনপির প্রার্থী হয়েছেন সাইফুল কবির চৌধুরী।
চিরিঙ্গা ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগের সমর্থক সাবেক চেয়ারম্যান খাজা সালাহ উদ্দিন। তবে নেতা-কর্মীরা বলছেন, খাজা সালাহউদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন দল করেছেন। এখন তিনি আওয়ামী লীগের নেতা পরিচয় দিচ্ছেন। খাজা সালাহউদ্দিন দাবি করেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমি সাবেক চেয়ারম্যান ছিলাম। এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তাই প্রার্থী হয়েছি।’ এই ইউপিতে বিএনপির প্রার্থী নেই।
আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা জানান, দ্রুত তাঁরা নির্বাচনী মাঠ থেকে সরে না দাঁড়ালে ফলাফলে আওয়ামী লীগের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, ‘বিদ্রোহীদের নির্বাচন থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে কিন্তু তাঁরা শুনছেন না। এসব ইউনিয়নে বিএনপির একক প্রার্থী থাকলেও আমাদের জন্য সমস্যা হবে না।’