ছয় উদ্যোক্তার জাপানি অভিজ্ঞতা
এডওয়ার্ড রনি মৃধা বাগেরহাটের রামপাল উপজেলায় বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত উপজেলা তথ্যকেন্দ্রের পরিচালক। হবিগঞ্জের মাধবপুরের কালিকাপুর দরিদ্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ এলাকায় ১১টি তথ্যকেন্দ্র এবং অন্যান্য কর্মসূচি পরিচালনা করেন। ফেনীর সোনাগাজী উপজেলার সূত্রাপুর গ্রামের মোহাম্মদ জাহেদুল হক সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। নার্গিস ফাতেমা ব্যাংক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। চাঁদপুর জেলার উত্তর গাছিয়া তাঁর গ্রাম। ব্লগার ও সাংবাদিক আল আমিন কবীরের বাড়ি যশোরের শার্শা উপজেলার উলশী গ্রামে। ঢাকার দক্ষিণখানের ছেলে জাকির লস্কর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার শেষ ধাপে। সবাইকে আলাদা মনে হলেও তাঁদের মধ্যে দুটি মিল রয়েছে। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে সবারই তথ্যপ্রযুক্তির প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। আর তাঁদের স্বপ্নজুড়ে আছে নিজের গ্রাম। সময় পেলে তাঁরা নিজের গ্রামে ছুটে যান। ভাবেন, প্রযুক্তি কীভাবে গ্রামের পরিবর্তন আনতে পারে। এই জানুয়ারি মাসে তাঁরা জানতে পারেন, নিজের গ্রামকে তুলে ধরার প্রতিযোগিতা ‘আমার গ্রাম আমার গর্ব’-এর কথা। তখনই সিদ্ধান্ত নেন অংশ নেওয়ার।আমার গ্রাম আমার গর্বইন্টারনেটের মাধ্যমে গ্রামে বসেই এখন নানা উদ্যোগ নেওয়া সম্ভব। শ্রীলঙ্কার কয়েকটি গ্রামের পোর্টাল আছে। শুরুর দিকে সেখানে শুধু বিভিন্ন তথ্য দেওয়া হতো। পরে একদিন এক গ্রামের কৃষক একটি পোস্ট দেন, তাঁর কাছে কিছু উদ্বৃত্ত কলা আছে, যা তিনি বিক্রি করতে চান। দেখা গেল, পাশের গ্রামের একজন সেটি কিনে নিয়ে গেলেন। তখন শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলছিল, বাজারে মালামাল নিয়ে যাওয়া, বিক্রি না হলে ফেরত আসা—এসব কম হ্যাপা ছিল না। কাজেই, খুব তাড়াতাড়ি তাঁদের এভাবে বেচাকেনা শুরু হয়ে গেল। আমাদের গ্রামগুলোতেও যে এমনটা হবে না, তা কে বলতে পারে? শুধু কৃষিপণ্য নয়, আরও নানা কিছু হতে পারে। পুরোনো বই হতে পারে, তথ্য আদান-প্রদান হতে পারে—এমনকি গ্রাম পোর্টাল দিয়ে বিয়ের ঘটকালিও হতে পারে! গ্রামের মানুষদের সঙ্গে প্রবাসীদের (নিজ গ্রাম আর বাইরের গ্রাম) মেলবন্ধনের ক্ষেত্রে ইন্টারনেট খুবই কাজের।জাপানপ্রবাসী তথ্যপ্রযুক্তিবিদ ড. আশির আহমদ তাঁর গ্রামওয়েবের (http://gramweb.net) মাধ্যমে এমন সব ধারণার বিকাশ ঘটাতে চান। গ্রামওয়েব হলো গ্রামের বা ইউনিয়নের ইন্টারনেট পোর্টালের আঁধার। সেই গ্রামওয়েব থেকে আয়োজন করা এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল তরুণদের নতুন উদ্যোগের পাশে দাঁড়ানো। সঙ্গে ছিল বিজয়ী ছয়জনকে জাপানের অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের জন্য পাঠানোর সুযোগ। আমাদের ছয়জন এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। আল আমিন কবির নিজ গ্রামে একটি আউটসোর্সিং হাব করতে চান, যাতে মানুষ তথ্যপ্রযুক্তি শিখে বিশ্বটাকে নিজের কাজের ক্ষেত্র করতে পারে। এডওয়ার্ড চান তথ্যপ্রযুক্তির শিক্ষাকে ছড়িয়ে দিতে, গ্রামে সচেতনতা বাড়াতে। গ্রামের বিদ্যুৎ সমস্যার সমাধানে সৌরশক্তি কাজে লাগাতে চান। শাহীন ও নার্গিসের ইচ্ছা গ্রামের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি। মহিউদ্দিন দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁর কাজগুলো আরও বিকশিত করতে চান; চান, তথ্যপ্রযুক্তি তাঁর এলাকার মানুষের দিন বদলের হাতিয়ার হোক। জাকির গ্রামে গড়ে তুলতে চান তথ্যসেবা ও প্রশিক্ষণকেন্দ্র। এই ছয়জনেরই ধারণা, প্রতিযোগিতা সবাইকে পেছনে ফেলে বিজয়ী করে সবাইকে।বিজয়ী হিসেবে তাঁরা গত ১ থেকে ৯ মার্চ জাপান ঘুরে এসেছেন।জাপান ভ্রমণটি সে অর্থে কোনো প্রশিক্ষণ ছিল না। কাজ, হোমওয়ার্ক—এমন নয়। ‘ঘুরে-বেড়িয়ে জাপানকে অনুধাবন করা।’ বলেন নার্গিস। আল আমিনের ভাষায়, আইসিটির মাধ্যমে কীভাবে জাপানের গ্রামগুলো শহরের সঙ্গে যুক্ত হয়েছে, সেটি জানা। আনুষ্ঠানিকতার মধ্যে ছিল আইসিটি ব্যবহার করে কীভাবে গ্রামের উন্নয়ন করা যায় এবং জাপানি ব্যবস্থাপনা বিষয়ে দুটি লেকচার সেশন। ঘুরে বেড়ানোর মধ্যে ছিল জাপানি কোম্পানি গ্রি ও টোপাং নামের দুটি জাপানি প্রতিষ্ঠান। এর মধ্যে গ্রি কোম্পানি স্বল্প সময়ে বিকশিত হয়েছে। কিয়শু বিশ্ববিদ্যালয়ে ছিল ই-পাসবুক সম্পর্কে জানা। আখিবারা আর কান্নাই দেখা হয়েছে। আবার জাপানের গ্রামে একটি বেসরকারি সংস্থার কাজ দেখার ব্যবস্থাও ছিল; সঙ্গে ছিল জাপানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ।সবাই বলেছেন, ‘জাপানি ব্যবস্থাপনাই আসলে জাপান।’ জাকির লস্করের ভাষায়, ‘কর্মই ওদের উপাসনা।’ আমিন বলেছেন, ‘আর কিছুদিন থাকলে আমিও সময়ানুবর্তী হয়ে যেতাম।’ তাঁরা লক্ষ করেছেন, কীভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে ফেলা হয়েছে। এতে শহরের ওপর চাপ কমে গেছে অনেকখানি।মোবাইল ফোন ও ইন্টারনেট—দুটিই স্বচ্ছন্দ্যে ব্যবহার করে জাপানিরা। তবে মোবাইল ফোনের পরিবর্তে ইন্টারনেটে আর্থিক লেনদেনে তারা অভ্যস্ত। সামাজিক নেটওয়ার্ক কাজে লাগানোতে জাপানিদের কোনো তুলনা নেই! জাপানে আইসিটি বিকাশের একটি বড় কারণ চিহ্নিত করেছেন স্থানীয় ভাষায় কনটেন্ট। সবাই জাপানি ভাষায়ই কাজ করছেন—সেটি মোবাইল ফোন বা ইন্টারনেট হোক। দেখা গেছে, জাপানিরা ইংরেজি ভাষার কনটেন্টগুলো যেমন অনুবাদ করেছে, তেমনই তারা নিজেদের ভাষায়ও অনেক কনটেন্ট তৈরি করছে। জাপানের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের সাইটটিও জাপানি ভাষায়ই চলে।জাপানের বড় আকারের প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতাকে কতটা আকর্ষণীয়ভাবে কাজে লাগাচ্ছে, সেটি দেখে চমৎকৃত হয়েছেন আমাদের ছয়জন। নার্গিস জানালেন, বিভিন্ন গ্রামের পরিত্যক্ত জায়গাকে আবাদি করে তোলার ব্যাপারে কাজ করছে এই প্রতিষ্ঠানগুলো। শহর এবং বড় বড় প্রতিষ্ঠানের ব্যক্তিরা কিছু সময়ের জন্য গ্রামে গিয়ে থাকেন এবং কাজ করেন। এর ফলে গ্রামের মানুষ যেমন উদ্বুদ্ধ হন, তেমনই শহর আর গ্রামের বন্ধনও দৃঢ় হয়। জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের গ্রামকে বদলানোর কাজ করা যাবে বলে ভাবছেন তাঁরা। এখনই জাপানের গ্রামগুলোর মতো আমাদের গ্রামগুলোকে পরিবর্তন করা যাবে না। কিন্তু প্রতিটি গ্রামকে জ্ঞান-গ্রামে পরিবর্তনের কাজটার সূচনা করা যাবে। আন্তরিকতা ও সততা নিয়ে কাজ করলে জাপানিরা যে কাজ ৬০ বছরে করেছে, তার অর্ধেকের কম সময়ে সেখানে যাওয়া যাবে বলে মনে করেন আমাদের ছয় উদ্যোক্তা।