ছয় কিলোমিটার কাঁচা সড়কের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনিলা চাকমা, প্রভা চাকমা, কচিক শংকর রায় ত্রিপুরা ও কলম বিকাশ ত্রিপুরা পানছড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাড়ি দুর্গম শুকনাছড়ি এলাকায়। প্রতিদিন সকালে বিদ্যালয়ে আসার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়। সকাল সাড়ে ছয়টায় বাসা থেকে বের হয়ে ছয় কিলোমিটার দীর্ঘ নলকাটা কাঁচা সড়ক হেঁটে পার হয়ে বিদ্যালয়ে আসার গাড়ি ধরতে হয় তাদের। বিদ্যালয় থেকে ফেরার সময়ও একই ভোগান্তিতে পড়তে হয়। ফিরতে ফিরতে প্রায়ই সন্ধ্যা হয়ে যায়। এ শিক্ষার্থীদের মতো প্রতিদিন শতাধিক শিক্ষার্থীকে সরকারি এ কাঁচা রাস্তা পার হয়ে বিদ্যালয়ে আসতে হয়। কেবল শিক্ষার্থীদের নয়, এ এলাকায় বসবাসকারী লোকজনের মধ্যে যাঁরা নলকাটা সড়ক দিয়ে চলাচল করেন তাঁদের এমন দুর্ভোগে পড়তেই হয়।পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ললিত মোহনপাড়া, ত্রিদীবেশ্বরপাড়া, শুকনাছড়ি বাউরপাড়া, প্রদীপপাড়া, বলিপাড়া, মধুপাড়া ও দূরছড়িপাড়ার তিন হাজারেরও বেশি মানুষকে ছয় কিলোমিটার কাঁচা সড়কের জন্য প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।স্থানীয় লোকজনের অভিযোগ, একটু বৃষ্টি হলেই কাঁচা রাস্তা দিয়ে আসা-যাওয়া কঠিন পড়ে। বর্ষাকালে রাস্তাটি কাদায় ভরে ওঠে। তাই বর্ষা মৌসুমে অধিকাংশ ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ে আসা হয় না। পানছড়ি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে শুকনাছড়ি এলাকায় তিন হাজারের মতো মানুষের বসবাস। এ এলাকায় চারটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রাস্তা খারাপ হওয়ায় গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।শুকনাছড়ি বাউরপাড়ার বাসিন্দা লতিবান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শান্তি জীবন চাকমা বলেন, ‘২০০৩ সালে নয় গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে এ রাস্তা তৈরি করেন। উপজেলা সদরের সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যম এটি। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ উপজেলা প্রশাসনকে অনেক আবেদন করার পরও রাস্তায় ইট বিছানো হয়নি। তাই বর্ষা মৌসুমে কাদামাটির উপর দিয়ে আসা-যাওয়া করতে হয়।’ শুকনাছড়ির বাউরপাড়ার কার্বারি মতিলাল চাকমা ও প্রদীপপাড়ার কার্বারি মানিক সিংহ চাকমা বলেন, ‘নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ভোট পাওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে তাঁরা সবকিছু ভুলে যান। এ রাস্তা সংস্কারেও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু তার বাস্তবায়ন হয়নি।’পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।’ পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘রাস্তাটি সংস্কারের ব্যাপারে আমার নির্বাচনী ওয়াদা ছিল। আগামী অর্থবছরে রাস্তা সংস্কারের জন্য খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কাছে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে।’