ফেনীর ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপি ও জামায়াতে ইসলামী-সমর্থক চারজন এবং আওয়ামী লীগ-সমর্থক দুজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। ৭ জুন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসেন তিন হাজার ৬৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির আহম্মদ পেয়েছেন তিন হাজার ১৩১ ভোট। মুন্সিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে চার হাজার ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত হানিফ আহমেদ ওরফে বাবু মজুমদার। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত নুরুল আমিন পেয়েছেন দুই হাজার ৭৮৮ ভোট। দরবারপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল আলম আজমীর তিন হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. ইলিয়াছ পেয়েছেন এক হাজার ৭১৫ ভোট। আনন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত মো. হারুন মজুমদার তিন হাজার ১৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গোলাম রসুল মজুমদার পেয়েছেন দুই হাজার ৫০৬ ভোট। জিএমহাট ইউনিয়নে বিএনপি-সমর্থিত খোরশেদ আলম দুই হাজার ১৪১ ভোট পেয়ে মাত্র দুই ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত মুজিবল হক পেয়েছেন দুই হাজার ১৩৯ ভোট। আমজাদহাট ইউনিয়নে জামায়াতে ইসলামী-সমর্থিত মাওলানা মো. ইব্রাহিম তিন হাজার ২৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হাশেম পেয়েছেন দুই হাজার ১২২ ভোট।