ছয় তরুণের পরিবেশ রক্ষা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা ছয়জন। সবাই শিক্ষার্থী। পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে। পরিবেশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র সবাই। দলনেতা শাহরিয়ার মুহাম্মদ আরিফুর রহমান। কাজ করছেন বাসা-বাড়ি, দোকানপাটের বর্জ্য অপসারণের। কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছেন নগরের বাদুরতলা এলাকাকে। কারণ তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন করপোরেশনের ওই এলাকাটিতেই সবচেয়ে বেশি আবর্জনা জমে। তাঁদের সহযোগী হিসেবে রয়েছে সিডিডিএস (চিটাগাং ডিজঅ্যাবল ডেভেলপমেন্ট সোসাইটি) নামের বেসরকারি সংস্থাটি। প্রতিদিন ভ্যানের মাধ্যমে এলাকার আবর্জনা সংগ্রহ করা হয়। এজন্য প্রতি মাসে ১০ টাকা করে নেওয়া হয়। পরে এসব আবর্জনা করপোরেশনের নির্দিষ্ট ডাস্টবিনে এনে ফেলা হয়।‘ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলার অভ্যাস গড়ে উঠলে পরিবেশদূষণ ঘটবে না। নালা-নর্দমা পরিষ্কার থাকবে। বর্ষায় মানুষকে ভোগান্তি পোহাতে হবে না। মূলত এ ধরনের সচেতনতাবোধ জাগিয়ে তোলার জন্য কাজ করছি আমরা।’ বললেন শাহরিয়ার মুহাম্মদ আরিফুর রহমান। শাহরিয়ারই প্রথম এ কাজের উদ্যোগ নেন। দীর্ঘদিন থেকে এ ব্যাপারে কিছু একটা করার কথা ভাবছিলেন। আর তখনি সুযোগ আসে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে। তাদের ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়নস প্রকল্পের আওতায় কাজ করতে আগ্রহীদের কাছ থেকে পরিকল্পনাপত্র (প্রজেক্ট পেপার) আহ্বান করা হয়। শাহরিয়ার পরিকল্পনাপত্র জমা দেন ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর। এটি যথারীতি মনোনীত হয়। বাংলাদেশের ৩০জন প্রতিযোগীর মধ্যে ১৫জনকে বাছাই করা হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে শুধু শাহরিয়ারকেই নির্বাচন করা হয়। এখানে বলা দরকার, ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়নসের অধীনে বিশ্বের ৬০টি দেশের এক হাজার ৩০০জন স্থানীয় প্রতিনিধি কাজ করছেন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবেশদূষণ প্রতিরোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তাঁদের এ কার্যক্রম পরিচালিত হয়। শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের পাঁচ বন্ধুকে নিয়ে কাজে নামেন গেল বছরের ডিসেম্বরে। তাঁদের কার্যক্রমের নাম দেন ‘জানালা’। এলাকায় কাজ করার সুবিধার্থে তাঁরা যোগাযোগ করেন সিডিডিএসের সঙ্গে। কথা বলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও। সবার কাছ থেকে ইতিবাচক সাড়াও মেলে। প্রথমে দুটি ভ্যান সংগ্রহ করেন। দুইজন লোকও নিয়োগ দেওয়া হয়। আগামীদিনে ভ্যানের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন শাহরিয়ার। তাঁর দলের বাকি পাঁচ সদস্য—মো. ফরহাদ হোসেন, অম্লান কর্মকার, আবু সাঈদ আবদুল্লাহ, শাহাদাত হোসেন ও মুহিতুল হোসেন। তাঁরা নিয়মিত এলাকায় গিয়ে স্থানীয় লোকজনকে উদ্বুদ্ধ করছেন নিজেদের বাসাবাড়ি, দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে ভ্যানের জন্য জমিয়ে রাখার কথা বলছেন। এ ছাড়া ছাপানো প্রচারপত্র বিলি করে, এলাকার মসজিদে প্রচারণা চালিয়ে সবাইকে এ ব্যাপারে সচেতন করে তোলা হচ্ছে। বাদুরতলার শাহি কলোনি, আরাকান সড়ক, জঙ্গি শাহের মাজার, হারেছ শাহের মাজার প্রভৃতি স্থানে বর্তমানে তাঁদের কার্যক্রম চলছে। ‘এলাকার বস্তির লোকজনও কিন্তু আমাদের বেশ সহযোগিতা করছেন। দেখা গেছে, তাঁরা এখন যত্রতত্র ময়লা না ফেলে আমাদের ভ্যানের জন্য অপেক্ষা করছেন।’ বললেন অম্লান কর্মকার নামে দলের অপর এক সদস্য। তবে কাজ করতে গিয়ে তাঁরা কিছু সমস্যার মুখোমুখিও হয়েছেন। এ প্রসঙ্গে অম্লান তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘প্রবীণ লোকজন আমাদের কাজের ব্যাপারে মাঝেমধ্যে নেতিবাচক মনোভাব দেখান। আবার ময়লা অপসারণের ক্ষেত্রেও দেখা যায় এক মহল্লার সঙ্গে অন্য মহল্লার লোকজনের বিরোধ সৃষ্টি হচ্ছে। তা ছাড়া সিটি করপোরেশনের ডাস্টবিনের সংখ্যাও অপ্রতুল।’ তবুও আশাবাদী এ তরুণের দল। তাঁরা মনে করেন, যত প্রতিকূলতাই থাকুক এগিয়ে আসতে হবে। পরিবর্তনটা তরুণদের দিয়েই সম্ভব।