ছয় দিনে ছয় মুঠোফোন চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলোতে মুঠোফোন চুরির হিড়িক পড়েছে। জানা যায়, শহীদ মো. শাহ হলে ছয় দিনে ছয়টি মুঠোফোনসহ নগদ চার হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। চুয়েটে এত কম সময়ের মধ্যে এত চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার শহীদ মোহাম্মদ শাহ হলের ৩১৯ নম্বর কক্ষ থেকে পুরকৌশল বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-রাজীবের ১০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন চুরি হয়। ১৯ জুন পাঁচটি মুঠোফোন চুরির ঘটনা ঘটে। এ দিন ৪০৫ নম্বর কক্ষে পাভেলের (৩৯ নম্বর ব্যাচ), ৪০৬ নম্বর কক্ষে জুবায়েরের (৩৭ নম্বর ব্যাচ), ৪০৭ নম্বর কক্ষে তানভির (৪০ নম্বর ব্যাচ) ও অভির (৪০ নম্বর ব্যাচ), ৩০৪ নম্বর কক্ষে মুবিনের (৩৭ নম্বর ব্যাচ) এবং ৩০১ নম্বর কক্ষে তালিমুলের (৩৯ নম্বর ব্যাচ) মোবাইল চুরির ঘটনা ঘটে। এ সম্পর্কে শহীদ মোহাম্মদ শাহ হলের প্রাধ্যক্ষ আবদুল ওয়াজেদ বলেন, ‘আমি এ বিষয়ে অবগত হয়েছি। নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছি।’ শহীদ মো. তারেক হুদা হলেও গত ১৫ দিনে বিভিন্ন সময়ে প্রায় ৭০ হাজার টাকা সমমূল্যের জিনিসপত্র চুরি গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হলের ২০১ নম্বর কক্ষে সাইফির, ২০২ নম্বর কক্ষে নাভিদ ও বায়েজিদের, ৩০৩ নম্বর কক্ষে মুশফিকের, ৩০২ নম্বর কক্ষে মাহমুদের মোবাইল এবং ২২৫ নম্বর কক্ষে তানজিলের ল্যাপটপ চুরি হয়। শহীদ মো. তারেক হুদা হলের প্রাধ্যক্ষ রবিউল আলম বলেন, ‘ঘটনার পর আমি নিজে হল পরিদর্শনে গিয়েছি এবং নিরাপত্তাকর্মীদের সতর্ক করে দিয়েছি। এ ছাড়া হলের বাইরের দেয়াল ও কার্নিশ দিয়ে চোর আসার অভিযোগ পাওয়া যাওয়ায় তা রোধে বিশেষ ব্যবস্থাও নিচ্ছি।’একই সময়ে ড. কুদরাত-ই-খুদা হলের বর্ধিতাংশে কমপক্ষে ৩৫ হাজার টাকা সমমূল্যের মোবাইল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। জানা যায়, ৫৫৮ নম্বর কক্ষে সাজ্জাদ, মোস্তফা ও কামরুলের, ৫৫৭ নম্বর কক্ষে হোসেনের ও মূল হলের ১৫৩ নম্বর কক্ষে ফায়েদ ও রেদোয়ানের এবং ১৫৪ নম্বর কক্ষে অলিভের মোবাইল চুরি হয়েছে।এ হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ এ এইচ রাশেদুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে রাজি হননি।