বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডবে মাছ ধরতে পারছেন না জেলেরা। সাগরে নামলেই দস্যুবাহিনীর হামলার শিকার হচ্ছেন। গত ছয় দিনে দস্যুরা ইঞ্জিনচালিত ৩৯টি মাছ ধরার নৌকায় (ট্রলার) হামলা চালিয়ে কোটি টাকার মাছ, জাল ও জ্বালানি তেল নিয়ে গেছে। আহত হয়েছেন ওই সব ট্রলারের অন্তত ২৮ জেলে। পুলিশ ও ফিশিং বোট মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, গত ১০ ডিসেম্বর সকালে উখিয়ার ইনানী উপকূলে দস্যুদের হামলার শিকার হয় বাহারছড়া এলাকার গোলাম হোসেনের একটি মাছ ধরার নৌকা। দস্যুরা নৌকার ১২ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকার মাছ লুট করে। দস্যুদের পিটুনিতে আহত হন পাঁচজন। একই দিন সেন্ট মার্টিন উপকূলে কুতুবদিয়ার দুটি ট্রলারে লুটপাট চালায় দস্যুরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, সাগরে জেলেদের নিরাপত্তা দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী। গভীর সাগরে নামার নৌযান পুলিশের নেই।
৯ ডিসেম্বর ভোর পাঁচটার দিকে সাগর থেকে মাছ ধরে কক্সবাজার শহরে ফিরছিলেন খুরুশকূল গ্রামের আবদুল রশিদের একটি নৌকার ১৮ জেলে। নৌকাটি মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে পৌঁছালে ৪০-৪৫ জনের দস্যুদল নৌকাটি জিম্মি করে। এরপর ১৮ জেলেকে হাত-পা বেঁধে পিটুনি শুরু করে দস্যুরা।
এ সময় েনৗকায় থাকা ১০ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেল লুট করে। পরে অন্য একটি নৌকায় ১৮ জেলেকে উদ্ধার করে কক্সবাজার নিয়ে আসা হয়।
একই দিন ওই এলাকার মহেশখালীর সাইফুল ইসলাম, মনজুর আলম ও কুতুবদিয়ার গোলাম কাদেরের মালিকানাধীন নৌকাও লুটপাট চালায় দস্যুরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ জানান, সোনাদিয়া চ্যানেলে দস্যু বাহিনীর হাতে প্রায় সময় জেলেরা হামলার শিকার হচ্ছেন। কিন্তু জলযান না থাকায় সেখানে গিয়ে পুলিশের পক্ষে দস্যু বাহিনীকে ধরা সম্ভব হচ্ছে না। তার পরও পুলিশ উপকূলে অভিযান চালিয়ে দস্যুদের ধরার চেষ্টা চালাচ্ছে।
জেলেরা জানান, এর আগে ৫ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে সাগরের সোনাদিয়া, ধলঘাটা ও মনখালী উপকূলে দস্যুদের কবলে পড়েছে কমপক্ষে ৩২টি মাছ ধরার নৌকায়।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, গত ছয় দিনে ৩৯টি ট্রলার দস্যুদের কবলে পড়েছে। এ সময় ট্রলারের কোটি টাকার মাছ, জালসহ বিভিন্ন মালামাল লুট করে। দস্যুদের হামলায় অন্তত ২৮ জেলে আহত হয়েছেন।
মুজিবুর রহমান জানান, জেলায় ছোটবড় প্রায় ছয় হাজার ট্রলারে জেলে রয়েছেন প্রায় এক লাখ। ডাকাতির কারণে তাঁদের বেশির ভাগ সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন। গত ছয় মাসে দস্যুরা শতাধিক জেলেসহ ৪১টি নৌকা অপহরণ করেছে। এ পর্যন্ত কোটি টাকা মুক্তিপণে দিয়ে ফিরে এসেছেন ওই সব ট্রলারের ৬৩ জেলে। গত তিন বছরে দস্যুদের গুলি ও হামলায় নিহত হয়েছেন ৪০ জনের বেশি জেলে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় শতাধিক।
সমিতির নেতারা জানান, গত ২৯ অক্টোবর বাঁশখালী, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া উপজেলার ৪১ জলদস্যুর নাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এই দস্যুরা ভাগাভাগি করে নিয়ন্ত্রণ করছে জেলার সেন্ট মার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সাগর উপকূল।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, সাগরে একাধিক দস্যুবাহিনী নৌকায় লুটপাট চালানোর খবর পাচ্ছি। দস্যুতা বন্ধ করতে কোস্টগার্ড ও পুলিশকে বলা হয়েছে।
কোস্টগার্ড কক্সবাজারের কন্টিজেন্ট কমান্ডার মো. আলী আকতার জানান, দস্যুদের ধরতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করা হয়েছে।