ভারী বৃষ্টিপাত আর জোয়ারের পানিতে নগরের অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত জলাবদ্ধতা দেখা দিচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। আকস্মিক জলাবদ্ধতার কারণে অনেক সময় পাঠদান বন্ধ রাখতে হয়। জলাবদ্ধতার শিকার হচ্ছে সরকারি কমার্স কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও ইউসেপ চরচাক্তাই স্কুল। এই ছয়টি বিদ্যালয় ও কলেজে অন্তত ১২ হাজার শিক্ষার্থী রয়েছে। সরেজমিনে দেখা গেছে, নগরের আগ্রাবাদের কমার্স কলেজে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। কলেজের সামনের সড়ক, প্রধান ফটক ছাপিয়ে পানি ঢুকে পড়ে মূল ক্যাম্পাসে। হাঁটুপানি ডিঙিয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে যেতে হয়। গত বুধ ও বৃহস্পতিবার মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে এই সমস্যা দেখা যায়। এ ছাড়া জোয়ার হলেও এখানে জলাবদ্ধতা দেখা দেয়। এ কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ছয় হাজার। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের আশপাশের নালা ভরাট করে ফেলার কারণে দীর্ঘদিন ধরে এই কলেজে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। জলাবদ্ধতার কথা স্বীকার করে সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ মো. আলী চৌধুরী বলেন, ‘বৃষ্টি ও জোয়ারের কারণে আমাদের এখানে জলাবদ্ধতা দেখা দেয়। অনেক সময় কোমরসমান পানি হয়। তখন আমাদের নিচতলা ডুবে যায়। এর প্রধান কারণ নালা-নর্দমা পরিষ্কার না করা। সিটি করপোরেশনকে আমরা অনেকবার বলেছি। কিন্তু তারা বলছে আগ্রাবাদ নিচু এলাকা বলে এ জলাবদ্ধতা হয়।’ শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, জলাবদ্ধতা দেখা দিলে ক্লাস করা দুষ্কর হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায় বলে শিক্ষকেরা জানান। এই কলেজে প্রায় ছয় হাজার শিক্ষার্থী রয়েছে।একইভাবে নিয়মিত জলাবদ্ধতা দেখা দেয় আগ্রাবাদ মহিলা কলেজ ও পাশের কলকাকলি বিদ্যালয়ে। এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জলাবদ্ধতা দেখা দেওয়ার মূল কারণ জোয়ারের পানি। বিশেষ করে অমাবস্যা-পূর্ণিমার সময় দিনে দুবার করে প্লাবিত হয় এই দুটি ক্যাম্পাস। মহিলা কলেজের ভবনের নিচতলায় ঢুকে পড়ে পানি। সাধারণত বর্ষাকালে এই উ ৎ পাত বাড়ে।এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, ‘এবার পানি অনেক বেশি হয়েছে। মাসের মধ্যে ১০ থেকে ১২ দিন পানি থাকে। প্রতিদিন দুবার করে পানি হয়। পানি বেড়ে গেলে বাধ্য হয়ে আমাদের ক্লাস ছুটি দিয়ে দিতে হয়। ফলে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হয়।’ কলেজ ছাড়াও পাশের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়েও জলাবদ্ধতা দেখা দেয় বলে জানান তিনি।জানা গেছে, মহিলা কলেজে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার। স্কুল-কলেজে আসা-যাওয়ার পথও হাঁটুসমান পানিতে ডুবে থাকে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কিংবা সিটি করপোরেশন কোনো উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন আনোয়ারা আলম। অন্যদিকে, নগরের চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউসেপ স্কুল ও চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়েও এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসে অন্তত আট দিন জোয়ারের পানি ঢুকে পড়ে। এই তিন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই হাজার।এ প্রসঙ্গে সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বলেন, ‘নগরের বেশ কিছু বিদ্যালয়ে জলাবদ্ধতা হয়, এটা সত্য। এটা দীর্ঘদিনের সমস্যা। এর স্থায়ী সমাধান করতে সময় লাগবে। আমরা জলাবদ্ধতা নিরসনের একটা বড় পরিকল্পনা নিয়ে কাজ করছি।’