ছয় প্রবীণ প্রকৌশলী সংবর্ধিত
তাঁরা সভ্যতার স্বপ্নদ্রষ্টা, স্থাপত্যের রূপকার, উন্নয়নের কারিগর। নিজেদের ওপর অর্পিত এ দায়িত্ব তাঁরা পালন করছেন নিষ্ঠার সঙ্গে। কর্মজীবনে পূর্ণ করলেন চার যুগ। এ দীর্ঘ সময়ে প্রথম সূচনা ও শ্রেষ্ঠ স্থাপনার অনেক কৃতিত্ব তাঁদের অর্জনের ঝুলি পূর্ণ করেছে। বয়স কেড়ে নিতে পারেনি তাঁদের কাজের তারুণ্য। এমনই ছয় প্রকৌশলীকে শ্রদ্ধা ও ভালোবাসায় অভিষিক্ত করলেন উত্তরসূরিরা সংবর্ধনার মাধ্যমে। এ উপলক্ষে ৯ মে তিন প্রজন্মের প্রকৌশলী ও তাঁদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়েছিল নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন। ওইদিন ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামকেন্দ্রের তিন দিনব্যাপী প্রকৌশলী দিবস উদ্যাপনের সমাপনী দিন। প্রকৌশলীজীবনের চার যুগ পূর্ণ করায় সংবর্ধিত হয়েছেন মো. ইব্রাহিম খান, এসপি কানুনগো, নীরদ বরণ বড়ুয়া, মো. আলী ইমাম, এএফএম মইনুল ইসলাম ও এএসএম নাছির উদ্দিন চৌধুরী। মো. ইব্রাহিম খান কর্মজীবনে অর্ধশতাব্দী পূরণ করেছেন। চট্টগ্রাম শহরে পাকা নালা, পিচঢালা রাস্তা, বন্যা-নিয়ন্ত্রণব্যবস্থা, সড়কবাতি ও ফুটপাত প্রথম নির্মিত হয় তাঁর হাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর (১৯৬৮) থেকে টানা ১৬ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের বড় অংশে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এএসএম নাছির উদ্দিন চৌধুরী। ১৯৬২ সাল থেকে ব্রিটিশ কোম্পানির মাধ্যমে তৎকালীন পাকিস্তান ও বাংলাদেশে অনেক কলকারখানার নকশা ও স্থাপনা তৈরির দায়িত্ব পালন করেছেন প্রকৌশলী এসপি কানুনগো। বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থাপিত পাটকলগুলোসহ অনেক বড় কারখানার ডিজাইনার ছিলেন প্রকৌশলী নীরদ বরণ বড়ুয়া। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামকেন্দ্রের সাবেক চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সম্পাদকদেরও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি এসএম নজরুল ইসলাম। বক্তব্য দেন ঢাকাকেন্দ্রের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মঞ্জুর মোর্শেদ, সম্পাদক মেজবাহ রহমান, কেন্দ্রের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন, স্বপন শাহেদুল আলম, আমিনুর রশিদ চৌধুরী ও আজিরুদ্দিন আহমদ। কেন্দ্রের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন এসপি কানুনগো ও নীরদ বরণ বড়ুয়া।