নগরের ষষ্ঠ বৃহত্তম ভোটার অধ্যুষিত এলাকা শুলকবহর ওয়ার্ড। কাতালগঞ্জ, শুলকবহর, মুরাদপুর বন বিভাগ, মুরাদপুর সোসাইটি, চিটাগাং শপিং কমপ্লেক্স, ষোলশহর রেলওয়ে স্টেশন, চশমা হিল, কসমোপলিটন, নাসিরাবাদ, আলফালাহ গলি, ওমরগনি চৌধুরীপাড়াসহ বিস্তীর্ণ এলাকায় ভোটারসংখ্যা ৭৪ হাজার ৭৫০। গত সোমবার পর্যন্ত অনেক এলাকার ভোটারদের হাতে সব প্রার্থীর প্রচারপত্র পৌঁছায়নি। অলিগলিতে ঝুলন্ত পোস্টার ও কিছু স্টিকার দেখা গেলেও তা তেমন দৃষ্টি কাড়ে না। তবে দু-চারজন একত্র হলেই ভোটের আলোচনা মোটামুটি জমে উঠছে। এতে ভোটারদের যোগ্যতা-অযোগ্যতার পাশাপাশি উঠে আসে সমস্যার বিষয়টিও। শুলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ, মুরাদপুর বাদুরতলী, পিলখানা, কসমোপলিটন, নাসিরাবাদ ও আলফালাহ গলিসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা, পানীয়জল, পয়োনিষ্কাশনে অব্যবস্থা ইত্যাদি সমস্যা রয়েছে। বিশেষ করে জলাবদ্ধতা ও পানিসংকটের কারণে নিম্নআয়ের মানুষের মনে বেশ ক্ষোভ দেখা যায়। তবে একজন লোক কাউন্সিলর হলেই চাইলে সব সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন—এমনটিও মনে করেন না তাঁরা। এর আগে বিভিন্ন সময়ে প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার নানা কারণ বিশ্লেষণ করে এমন সচেতনতা জেগেছে ভোটারদের মাঝে। ‘তবু আমরা ভোট দেব। একজন যোগ্য প্রার্থী নির্বাচন করব। যিনি অন্তত সুখে-দুঃখে পাশে থাকবেন। জনগণের ন্যূনতম চাহিদা পূরণে অগ্রাধিকার ঠিক করে কাজ করবেন।’ বললেন শুলকবহর এলাকারই বাসিন্দা মো. শাহজাহান। ওয়ার্ডে মোট প্রার্থী ১০ জন—আহমদুর রহমান সিদ্দিকী (বৈদ্যুতিক পাখা), হাসান চৌধুরী (কার), মো. শাহজাহান সুফী (আপেল), মো. গোলাম মনসুর (বাস), এম এ তাহের (সিংহ), জাবেদুল আলম (চাঁদ), মো. নূরুল আনোয়ার (পদ্মফুল), মো. শামসুজ্জমান হেলালী (নলকূপ), মো. মোরশেদ আলম (হাতি) ও মো. আবুল হাসান (মোরগ)।এঁদের মধ্যে আহমদুর রহমান সিদ্দিকী, মো. শাহজাহান, এমএ তাহের, জাবেদুল আলম, মো. নুরুল আনোয়ার এবং মোরশেদুল আলম আওয়ামী ঘরানার। হাসান চৌধুরী, গোলাম মনসুর বিএনপি এবং শামসুজ্জামান হেলালী জামায়াত ঘরানার বলে পরিচিত। মোরশেদ আলম সাবেক ওয়ার্ড কমিশনার মামুনুর রশিদের ছোট ভাই।হালনাগাদ তালিকা অনুযায়ী ওয়ার্ডের ভোটার ৭৪ হাজার ৭৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৯ হাজার ৫২০ ও নারী ৩৫ হাজার ২৩০। নতুন ভোটার তিন হাজার ৮৬৯ জন।ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার আগেভাগে প্রার্থীদের জয়পরাজয় নির্ধারণ অনেকটা জটিল। আহমদুর রহমান সিদ্দিকী আগেও দুবার কাউন্সিলর ছিলেন। তাঁর বাড়ি ওয়ার্ডের প্রায় দক্ষিণ-পূর্বে। তাঁর কাছাকাছি এলাকায় রয়েছেন তাঁর মামাত ভাই, আওয়ামী ঘরানার শাহজাহান সুফী, বিএনপি ঘরানার মো. গোলাম মনসুর এবং জামায়াত ঘরানার শামসুজ্জামান হেলালী। এম এ তাহেরের বাড়ি বায়েজিদ সড়কের বেবী সুপার মার্কেটের কাছে। জাবেদ সুগন্ধা ও নূরুল আনোয়ার মুরাদপুর বন গবেষণাগার এলাকার বাসিন্দা। মোরশেদ আলমের বাড়ি ওমর গণি চৌধুরীপাড়ায়। প্রায় অর্ধেকের বেশি ভোটার রয়েছেন মুরাদপুর বন বিভাগ হয়ে নাসিরাবাদ এলাকায়। এসব এলাকাসহ সুগন্ধা আবাসিক এলাকা, মুরাদপুর সোসাইটি, আলফালাহ গলি, ওমরগণি চৌধুরীপাড়া এলাকার ভোটারেরা জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবেন বলে অনেকে মনে করেন। মুরাদপুর ব্যবসায়ী মালিককল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং মুরাদপুর পিলখানা এলাকার ভোটার। তিনি বলেন, ‘এবার এ ওয়ার্ডে ভোটযুদ্ধ হবে মো. মোরশেদ ও আহমদুর রহমান সিদ্দিকীর মধ্যে। তবে মোরশেদের জেতার সম্ভাবনা বেশি।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘আহমদুর রহমান আগে এ এলাকা থেকে বেশি ভোট পেয়েও উন্নয়নে তেমন ভূমিকা রাখেননি। তিনি সৎ, কিন্তু বয়সের কারণে মেয়রের কাছ থেকে কাজ আদায়ের ক্ষমতা তাঁর নেই।’ সাবেক ওয়ার্ড কমিশনার মামুনুর রশিদের দুর্নামের প্রভাব মোরশেদের ক্ষেত্রে পড়বে না দাবি করে তিনি বলেন, ‘এলাকায় তাঁর ভাবমূর্তি ভালো।’ তাঁর সঙ্গে একমত চশমা হিল এলাকার মো. ওমর ফারুক।তবে আলফালাহ গলির বাসিন্দা আবুল হোসেন সিকদারের মতে, ‘প্রতিদ্বন্দ্বিতা এ দুজনের মধ্যে হলেও আহমদুর রহমান সিদ্দিকী সৎ ও বিনয়ী। আগের দুবার কমিশনার হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি আছে। তাই তাঁর জেতার সম্ভাবনা বেশি।’কসমোপলিটন এলাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী শাহেদ আলম ও মুরাদপুর সোসাইটির নারী ভোটার তাসলিমা আকতার কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নিলেও এ মুহূর্তে বলতে চান না। কারণ প্রকাশ পেলে প্রার্থীরা এসে বিরক্ত করবেন। আহমদুর রহমান সিদ্দিকী বলেন, এলাকার সমস্যাগুলো দীর্ঘদিনের। জলাবদ্ধতার মতো সমস্যাগুলো সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রকল্প দরকার। বিশেষত চাক্তাই খালের মুখ স্থায়ীভাবে পরিষ্কার করা না হলে স্থানীয়ভাবেও সমস্যা থেকে যাবে। কেবল স্লোগান আর প্রতিশ্রুতি দিয়ে সমাধান হবে না। দলীয় পরিচয়ে প্রার্থী বেশি হওয়ায় সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসীরা আমাকে জানেন। তাঁরা আমার পক্ষে আছেন।’নিজের জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মোরশেদ আলম বলেন, ‘দলীয় প্রার্থী বেশি হওয়ায় সমস্যা হবে না। কারণ মানুষ দল নয় যোগ্যতা দেখবেন।’ এলাকার সমস্যাগুলো সমাধানে যথাসাধ্য চেষ্টা করবেন বলে তিনি জানান।