সন্ধ্যা নামতেই পাড়ার অলিগলি থেকে ছোট ছোট দলে আসে মিছিল। কেউ চাঁদ, কেউ আপেল আবার কেউ ঘুড়ি নিয়ে। প্রতীক বরাদ্দের দিন (২ জুন) থেকেই এমন চিত্র দেখা যাচ্ছে। ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় কাউন্সিলর প্রার্থী। এঁরা হলেন মো. বাবুল হক (আপেল), খায়রুল আলম (চাঁদ), নুরুল আমিন (পদ্মফুল), মাহবুবুল আলম (বাস), সাবেক ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন (ক্রিকেট ব্যাট) ও বর্তমান কাউন্সিলর শামসুল আলম (ঘুড়ি)। এঁদের মধ্যে তিনজন বিএনপি ঘরানার, মো. বাবুল হক ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও শামসুল আলম থানা বিএনপির সভাপতি। গত নির্বাচনেও এ দুজনের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। বিজয়ী হন শামসুল আলম। জানা যায়, ভোটের ব্যবধান ছিল প্রায় এক হাজার ১০০। বাবুল হক এবার নিজেকে স্বতন্ত্র প্রার্থী বলে দাবি করেন। আওয়ামী লীগের হয়ে লড়ছেন তিনজন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন, আসলাম হোসেন ও খায়রুল আলম (শামসুল আলমের সৎ ভাই)। এঁদের মধ্যে নুরুল আমিন নিজেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বলে দাবি করেন, ইনামুল হকের সই করা নগর আওয়ামী লীগের একটি চিঠিও দেখান তিনি। তিনি খায়রুল আলমকে আওয়ামী যুবলীগ সদস্য হিসেবে স্বীকার করলেও আসলাম হোসেনের ব্যাপারে ভিন্নমত পোষণ করেন। তাঁর মতে, আসলাম হোসেন এখন আওয়ামী লীগে নেই, তিনি এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) নেতা। আসলাম হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগেই আছি। এলডিপির নেতা-কর্মীদের সঙ্গে আমার ভালো জানাশোনা আছে, তাই বলে আমি দল ছেড়ে এলডিপিতে যোগ দেওয়ার কথাটি সত্য নয়।’ অপরদিকে খায়রুল আলম নিজেকে স্বতন্ত্র প্রার্থী বলে দাবি করেন। জামায়াতের সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম। তবে প্রচারণায় ব্যস্ত দেখা গেছে মো. বাবুল হক ও শামসুল আলমকে। তাঁদের নির্বাচনী কার্যালয়ও সরগরম। আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে সে তুলনায় ব্যস্ততা কম। স্থানীয় শিক্ষক আবদুল কাদের বলেন, ‘বিএনপির লোকজন ও প্রার্থীদেরই কেবল চারদিকে ছোটাছুটি করতে দেখছি। আওয়ামী লীগের কেউ নির্বাচন করছেন বলে মনে হয় না।’ প্রায় একই কথা বললেন শিক্ষার্থী জাভেদ শাহরিয়ার। ‘এখানে মূল লড়াই তো হবে বিএনপির দুই প্রার্থী বাবুল হক ও শামসুল আলমের মধ্যে।’ যোগ করেন তিনি। গৃহিণী রিফাত ফাতেমা মনে করেন ‘সবকিছুতে একটা পরিবর্তন দরকার। দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন শামসুল আলম। নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সে ক্ষেত্রে বাবুল হককে সুযোগ দেওয়া উচিত এবার।’ শ্রমজীবী রাহেলা খাতুন ও শরুফা বানুর অভিমত, ‘আমগোর লাইগা শামসুই (শামসুল আলম) ভালা।’ এদিকে, স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ভাগ হয়ে গেছেন দুটি অংশে। তাঁদের যুক্তি, শামসুল আলম নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। জমিদখল, মিথ্যা মামলায় জড়ানোর মতো অভিযোগও উঠেছে। কিন্তু বাবুল হক প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল। সমাজের জন্য কাজ করতে পিছপা হবেন না। শামসুল আলমকে এবার নতুন একটি ঝামেলার মোকাবিলা করতে হচ্ছে। কারণ তাঁর সৎ ভাই খায়রুল আলমের নির্বাচনে দাঁড়ানো নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন এটাই শামসুল আলমের জন্য কাল হবে। কারও মতে, প্রতিপক্ষ বাবুল হকের পৃষ্ঠপোষকতায় খাইরুল নির্বাচন করছেন। লক্ষ্য শামসুল আলমকে ঘায়েল করা। কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ী খায়রুল আলম বলছেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কারও পৃষ্ঠপোষকতায় নির্বাচন করছেন না। স্ত্রীর গয়না বেচে এবং মেয়ের নামে করা ডিপিএসের টাকা ভেঙে নির্বাচন করছেন। তিনি বলেন, ‘আমার ভাই শামসুল আলম পারিবারিক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছেন। তিনি বাইরের লোকজনকেও এভাবে হয়রানি করেন। আমি এসবের প্রতিবাদ এবং জনগণের উন্নয়নের জন্য বাধ্য হয়ে নির্বাচনে নেমেছি।’ খাইরুলের ব্যবসাকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল প্রতিকৃতি টাঙানো। আপনি আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করছেন? প্রথমে হ্যাঁ বললেও পরেই আবার জানালেন ‘আমি স্বতন্ত্র প্রার্থী।’ পাহাড়তলী ডিটি রোডের লাকী হোটেলের মোড়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলমের নির্বাচনী কার্যালয়টিও জমজমাট। ভেতরে বিশাল পোস্টারে লেখা রয়েছে তাঁর সময়কালের বিভিন্ন উন্নয়নকাজের ফিরিস্তি। শামসুল আলমের কাছে ভাই সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় একই পরিবার থেকে দুজন দাঁড়াতে পারে। তাতে আপত্তির কিছু নেই। কিন্তু আমার ভাই কারও প্ররোচনায় আমাকে হেয় করার জন্যই এমন করছে। ভাই সম্পর্কে খোঁজ নিলেই জানবেন সে কী করে, না করে।’ উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘আমি এলাকায় পানীয়জলের সমস্যা সমাধানে সিটি করপোরেশনের সহযোগিতায় দুটি গভীর নলকূপ বসিয়েছি। আগামীদিনে একটি ডিগ্রি কলেজ এবং একটি বিদ্যালয় ও কলেজ গড়ার পরিকল্পনা আছে।’ বাবুল হকের নির্বাচনী কার্যালয় পাহাড়তলী আবুল বিড়ি ফ্যাক্টরির কাছে। সমর্থক-শুভানুধ্যায়ীদের আনাগোনা রয়েছে সারাক্ষণ। বললেন, ‘আমি এলাকাবাসীর ইচ্ছায় তাঁদের সেবা করার জন্য এবারও নির্বাচন করছি। বিভিন্ন সময়ে এলাকাবাসীর সুখে-দুঃখে তাঁদের সঙ্গে থেকেছি।’