ছয় বছর ধরে পড়ে আছে লালুটিয়া সেচ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার দোহাজারী লালুটিয়া সেচ প্রকল্প কৃষকদের কোনো কাজে আসছে না। ছয় বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে সাড়ে সাত কোটি টাকার প্রকল্পটি। সেচ দিতে না পারায় চলতি বোরো মৌসুমে প্রায় ২০০ হেক্টর জমিতে চাষ না হওয়ার আশঙ্কা চাষিদের। প্রকল্পটি চালু হলে ৭০০ হেক্টর জমিতে বোরো চাষ হতো বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে সেচ প্রকল্পটি পরিত্যক্ত হওয়ায় সংশ্লিষ্ট বিভাগ লালুটিয়া ছড়ায় রাবারড্যাম্প স্থাপন করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, প্রকল্পের ১২টি বৈদ্যুতিক মোটর অকেজো অবস্থায় গুদামে পড়ে আছে। লালুটিয়ার কৃষক আহমদ ছফা, আবদুল মোনাফ জানান, সাধারণ মানুষের জমি হুকুমদখল করে যে লক্ষ্য নিয়ে প্রকল্পটি চালু করা হয়েছিল তা পূরণ হয়নি। সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড ১৯৯৫ সালে সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে লালুটিয়া সেচ প্রকল্প চালু করে। এক বছর না যেতেই শঙ্খের পাহাড়ি ঢলে পলি জমে প্রকল্পের পানি সংরক্ষণের কূপটি ভরাট হয়ে যায়। ২০০১-০৩ সালে ৩০ লাখ টাকা ব্যয়ে এটি তিনবার খনন করলেও ২০০৪ সালে কূপটি আবার ভরাট হয়ে যায়। এরপর থেকে আর সংস্কার করা হয়নি। ছয় বছর ধরে গুদামে পড়ে থাকায় প্রকল্পের সেচযন্ত্রগুলোর যন্ত্রাংশে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। লালুটিয়া সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি আইয়ুব আলী জানান, কর্তৃপক্ষ লালুটিয়া ছড়ার নিচে বাঁধ দিয়ে দুটি সেচযন্ত্রের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছে। কিন্তু তা চাহিদার তুলনায় খুবই কম। যোগাযোগ করলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন প্রকল্পটি চালু না থাকায় চাষাবাদ ব্যাহত হওয়ার কথা স্বীকার করেন। প্রকল্পটি চালুর সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে কোনো মন্তব্য না করে তিনি জানান, ১২টি সেচযন্ত্রই মেরামত করে রাখা হয়েছে। উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে সেচ প্রকল্পটি সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, লালুটিয়া ছড়ায় পানি সেচ দেওয়ার জন্য রাবারড্যাম্প নির্মাণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।