ছয় বছর ধরে ভাঙা সেতু দিয়ে চলছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজার থেকে চাক হেডম্যানপাড়া যাওয়ার পথে ফাঁড়ি খালের ওপর রাজঘাট সেতুটি ছয় বছর আগে ভেঙে গেছে। তবে বিকল্প কোনো রাস্তা না থাকায় এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন l প্রথম আলো
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজার থেকে চাক হেডম্যানপাড়া যাওয়ার পথে ফাঁড়ি খালের ওপর রাজঘাট সেতুটি ছয় বছর আগে ভেঙে গেছে। তবে বিকল্প কোনো রাস্তা না থাকায় এই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন l প্রথম আলো

২২৫ ফুট দীর্ঘ সেতুটির একেবারে মাঝ বরাবর ভেঙে গেছে গত ছয় বছর আগে। ভাঙা সেতু কোনোমতে দাঁড়িয়ে আছে খুঁটির ওপর। অন্য কোনো পথ না থাকায় ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে জিপ, ট্রাক, মোটরসাইকেলসহ ছোট যানবাহন।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-আলীকদম সড়কে ফাঁড়ি খালের ওপর অবস্থিত রাজঘাট সেতুর চিত্র এটি। বাইশারী বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে চাক হেডম্যানপাড়া যাওয়ার পথেই পড়ে এই সেতু। বাইশারী বাজার থেকে চাক হেডম্যানপাড়া পর্যন্ত সড়ক কার্পেটিং করা থাকলেও ঝুঁকিপূর্ণ সেতুর কারণে ওই পথে বড় ট্রাক ও ভারী যানবাহন চলাচল করে না। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা থাকলেও ছয় বছর ধরে সেতুটি মেরামত করা হয়নি।
২৭ কিলোমিটার দীর্ঘ বাইশারী-আলীকদম সড়কের পাঁচ কিলোমিটার অংশ, অর্থাৎ চাক হেডম্যানপাড়া পর্যন্ত কার্পেটিং করা হয়েছে। সড়কের বাকি অংশ এখনো কাঁচা। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন হলেও ওই কর্তৃপক্ষের দাবি, এই সড়কের ওপর রাজাঘাট সেতুটি তারা নির্মাণ করেনি। এলজিইডির উপজেলা প্রকৌশলী কমল কান্তি দাশ বলেছেন, এলজিইডির সড়ক হলেও সেতুটি নির্মাণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো)। আবার পাচউবোর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আজিজুল হক দাবি করেন, ভেঙে যাওয়া সেতু তাঁরা নির্মাণ করেননি। তবে চলতি অর্থবছরে ওই সেতু তাঁরা সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
বাইশারী-আলীকদম নির্মাণাধীন সড়কে বাইশারী বাজার-বাইশারী চাক হেডম্যানপাড়ার পাঁচ কিলোমিটার অংশে ফাঁড়ি খালের ওপর সেতুটি নির্মিত হয়েছিল। মধ্য চাকপাড়াবাসী ও বাইশারী ইউপির সদস্য থোয়াই চাহ্লা চাক, চাক হেডম্যান পাড়ার উসাথোয়াই চাক জানান, সেতুটি ১৫-১৬ বছর আগে নির্মিত হয়েছিল। বর্ষাকালে পানি হঠাৎ বেড়ে গেলে সেতুর ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। পাহাড়ি ঢলের পানিতে ফাঁড়ি খাল ফুলেফেঁপে উঠলে ভেসে আসা গাছ-বাঁশ আটকে গিয়ে সেতুর ওপর প্রবল চাপ সৃষ্টি করে। এ কারণেই সেতু ভেঙে গেছে। যাত্রীবাহী যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা করেন।
বাইশারী আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেছেন, এ বিপজ্জনক সেতুর ওপর দিয়ে বাইশারী চাক হেডম্যান পাড়াসহ তিনটি চাকপাড়ার বাসিন্দা, আশপাশের পাড়া ও রাবার বাগানের লোকজন প্রতিদিন চলাচল করেন। মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তারাও ওই ভাঙা সেতুর ওপর দিয়ে মাঝেমধ্যে ঐতিহ্যবাহী চাকপাড়ায় যান। সম্প্রতি এই এলাকায় একজন বৌদ্ধ ভিক্ষুকে হত্যার পর ঘটনাস্থল পরিদর্শনে যান পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পথে এই সেতুটি দেখে সংস্কারের জন্য পাচউবো কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
পাচউবোর নির্বাহী প্রকৌশলী আজিজুল হক বলেন, সড়কটি এলজিইডির হলেও প্রতিমন্ত্রীর নির্দেশে তাঁরা ২২৫ ফুট দীর্ঘ সেতুটি পুনর্নির্মাণের জন্য জরিপ করেছেন। এখনো প্রাক্কলন করা হয়নি। তবে এ অর্থবছরে কাজ শুরু করা হবে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী কমল কান্তি দাশ বলেন, বাইশারী-আলীকদম ২৭ কিলোমিটার নির্মাণাধীন সড়কে বাইশারী বাজার থেকে বাইশারী চাকপাড়া পর্যন্ত মাত্র পাঁচ কিলোমিটার গাড়ি চলাচল করে। সেখানে আরও কয়েকটি ছোট সেতু ও কালভার্ট ভেঙে গেছে। পাচউবো রাজঘাট সেতু নির্মাণ করলে এলজিইডি ছোট সেতু ও কালভার্টগুলো পুনর্নির্মাণ করবে। তবে কখন নির্মাণকাজ শুরু করা হবে, তা তিনি জানাতে পারেননি।