ছয় বছর পর পানছড়ি আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ১০ অক্টোবর হবে এ সম্মেলন। ইতিমধ্যে পদ পেতে জেলার নেতাদের কাছে ধরনা দিচ্ছেন অনেকে। জানা যায়, ২০০৫ সালের ২০ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সম্মেলন না হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা ছিল। এখন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। নতুন নেতৃত্ব এলে দল আরও শক্তিশালী হবে। তাঁরা নতুন নেতৃত্ব চান।এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবদুল মোমিন বলেন, ‘দলকে শক্তিশালী করার জন্য যথাসময়ে সম্মেলন হওয়া দরকার। সম্মেলনকে ঘিরে আমি নিজেও উৎসাহী। এতে দল গতিশীল হবে। ১০ অক্টোবর সম্মেলন হবে।’দলের নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে জানা যায়, সম্ভাব্য সভাপতি পদপ্রত্যাশীরা হলেন—বর্তমান সভাপতি মো. আবদুল মোমিন, সাধারণ সম্পাদক মো. বাহার মিয়া, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মো. ইউছুফ ও বর্তমান যুগ্ম সম্পাদক বরেন ত্রিপুরা। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন—বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক জীবন কৃষ্ণ চাকমা ও জয়নাথ দেব, লতিবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেবাশীষ চাকমা, উপজেলা যুবলীগের সভাপতি লোকমান হোসেন, জেলা যুবলীগের নেতা সিদ্ধেশ্বর চাকমা ও উপজেলা কমিটির প্রচার সম্পাদক মো. নাসির।সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. ওবায়দুল হক বলেন, আড়াই বছর ধরে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন হয়নি। দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছেন। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব এলে দল চাঙা হবে।পদপ্রত্যাশীরা জেলা নেতাদের কাছে ধরনা দিচ্ছেন—এ প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক খগেশ্বর ত্রিপুরা বলেন, ‘আমি চাই নিরপেক্ষভাবে কাউন্সিল হোক। নিরপেক্ষভাবে কাউন্সিল হলে দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং হবে না। এতে দল শক্তিশালী ও গতিশীল হবে।’