ছয় বছর পর প্রধানমন্ত্রীর আগমনে উৎসবমুখর মিরসরাই
প্রায় ছয় বছর পর কোনো প্রধানমন্ত্রী মিরসরাইতে আসছেন, এই উল্লাসে গতকাল বুধবার স্থানীয় জনগণের বাঁধভাঙা জোয়ার নেমেছিল উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও। উপজেলার ১৬টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা ইউনিট থেকে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় লোকজন আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর বাইরে অনেক এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে জনসভায় আসে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে। গতকাল বুধবার শেখ হাসিনা উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ‘মহামায়াছড়া সেচ সম্প্রসারণ প্রকল্প’ উদ্বোধন করেন। এরপর তিনি ওই দীঘির মাঠে একটি জনসভায় বক্তৃতা দেন।দুপুর সাড়ে ১২টার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন দলে দলে আসতে শুরু করে জনসভাস্থলে। বেলা দুইটার পর লোকজনকে জনসভাস্থলে ঢুকতে দেওয়া হয়। অবশ্য তার আগে সকাল থেকেই জনসভাস্থলের চারপাশে নিরাপত্তাকর্মীর কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়। জনসভায় ঢুকতে না পেরে সেই সময় দূর-দূরান্ত থেকে আসা লোকজনকে ঠাকুরদীঘির গরিয়াইশ এলাকায় স্থাপিত অস্থায়ী দোকানপাটে দুপুরে খাওয়া সেরে নিতে দেখা যায়। জনসভা উপলক্ষে এই এলাকায় ১৫-২০টি অস্থায়ী দোকানপাট গড়ে ওঠে।এলাকার প্রবীণ লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় পাঁচ বছর ১১ মাস আগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মিরসরাইতে এসে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। মিরসরাইতে এটি ছিল দেশের কোনো প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য প্রথম আগমন।জানা যায়, ২০০৫ সালের ১৩ জানুয়ারি খালেদা জিয়া মিরসরাই এসে জোরারগঞ্জের টেক্সটাইল ইনস্টিটিউটকে (ডিপ্লোমা কোর্স) বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করার ঘোষণা দেন এবং ওই প্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবন উদ্বোধন করেন। পরে খালেদা মিরসরাই স্টেডিয়ামে একটি জনসভায় ভাষণ দেন। তবে খালেদা জিয়ার সেই ভাষণে মিরসরাইবাসীর অনেক দাবি পূরণ হয়নি।এসব দাবির মধ্যে ছিল মিরসরাইয়ে একটি অগ্নিনির্বাপণকেন্দ্র (ফায়ার সার্ভিস স্টেশন) স্থাপন, জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য উপজেলার বারোমাসি খালগুলো সংস্কার বা পুনঃখনন করা, মিরসরাই স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরিত করা ইত্যাদি।তখন মিরসরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন মো. নুরুল আমিন। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।এ প্রসঙ্গে মো. নুরুল আমিন জানান, বেগম জিয়া তখন টেক্সটাইল কলেজের একটি ভবন উদ্বোধন করেন এবং স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেন। তৎকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অনেক দাবি উত্থাপন করা হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল মিরসরাইতে একটি অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপন, জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য উপজেলার বারোমাসি খালগুলো সংস্কার বা পুনঃখনন করা, মিরসরাই স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে পরিণত করা। কিন্তু মিরসরাইবাসীর প্রাণের সেই দাবি এখনো পূরণ হয়নি।অবশ্য রাষ্ট্রপ্রধান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদও মিরসরাইতে এসেছিলেন একবার। এরশাদ মুহুরি সেচ প্রকল্পে মুক্তিযোদ্ধাদের মধ্যে খাসজমি বিতরণ উপলক্ষে আয়োজিত এক জনসভায়ও বক্তব্য দেন ১৯৮৮ সালে। সেই খাসজমির মালিকানা নিয়ে মিরসরাইবাসী ও পাশের ফেনী জেলার ছাগলনাইয়াবাসীর মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়, তা আজও রয়েছে বলে জানা যায়। এ নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে।জানা যায়, প্রেসিডেন্ট থাকাকালে জিয়াউর রহমানও একবার মিরসরাইতে এসেছিলেন ১৯৭৮ সালে। অবশ্য সেটা রেলপথে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে বড়তাকিয়া রেলস্টেশনে একটি পথসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।সেই সময় জিয়ার সঙ্গে তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন এলাকার প্রবীণ শিক্ষক আবুল বশর (৭৫)। সেই সময় তিনি স্থানীয় মিরসরাই পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে আবুল বশর অবসর জীবনযাপন করছেন।