ছয় বছর পর লাভ কাপ্তাই করাতকলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল কাপ্তাই ইউনিটটি অবশেষে লাভের মুখ দেখল। ছয় বছর ধরে লোকসানে ছিল প্রতিষ্ঠানটি। একপর্যায়ে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে এটি বন্ধ বা পে-অফ করার জন্যও উচ্চ পর্যায়ে চিন্তা-ভাবনা চলছিল। চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখে এবং কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বকেয়া বেতনসহ বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করেছে বলে ইউনিট সূত্রে জানা গেছে।ইউনিটের প্রধান মো. মোস্তাক আহমেদ জানান, পাঁচ বছর ধরে ইউনিটটি লোকসানে ছিল। গত সেপ্টেম্বরে তিনি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে এর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেন। লোকসানের কারণে শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন ১১ লাখ ১৫ হাজার টাকা বকেয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঋণ ছিল ৩০ লাখ টাকা। ইতিমধ্যে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনের টাকা পরিশোধ করা হয়েছে। ঋণের দায়ও মেটানো হয়েছে। এসব অর্থ পরিশোধের পরও মে পর্যন্ত ইউনিট পাঁচ লাখ টাকা মুনাফা করেছে। চলতি জুন পর্যন্ত আরও ৫০ লাখ টাকা মুনাফা অর্জন করতে পারবে বলে ইউনিটের প্রধান আশা প্রকাশ করেন।এ ব্যাপারে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দিন বলেন, ‘লোকবলসংকট সত্ত্বেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে যে ভালো ফল অর্জন করা যায় কাপ্তাই ইউনিট তার উৎকৃষ্ট উদাহরণ।’