ছয় বছরেও সংস্কার হয়নি উখিয়ার জামবনিয়া সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়ার পালংখালী ইউনিয়নের পালংখালী-মনখালী সড়কের জামবনিয়া সেতুর একাংশ ভেঙে যাওয়ার ছয় বছর পরও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মনখালীর সঙ্গে পালংখালীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এ ছাড়া উপজেলা সদরে আসতে হচ্ছে বিকল্প পথে।স্থানীয় লোকজন জানান, ২০০৫ সালের আগস্টে পাহাড়ি ঢলে জামবনিয়া খালের ওপরের সেতুটির পূর্ব দিকের একাংশ ভেঙে যায়। এরপর থেকে ওই অবস্থায় পড়ে আছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেতুটির সংস্কার না হওয়ায় এখানকার লোকজনকে প্রয়োজনীয় কাজ সারতে সাত কিলোমিটারের পথ ২৭ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে আসতে হচ্ছে। জানা যায়, বৃহত্তর জালিয়াপালং ইউনিয়নের মনখালী, ছেপটখালী, ছোয়ানখালী, মাদারবনিয়া, ইমামের ডেইল, বোয়াংখালী, পাশের টেকনাফ উপজেলার শামলাপুর জাহাজপুরা, বাহারছড়াসহ ৩০টি গ্রামের মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করত। পালংখালী ইউনিয়নের সদস্য নুরুল হুদা চৌধুরী প্রথম আলোকে বলেন, ছয় বছর আগে পাহাড়ি ঢলে জামবনিয়া সেতুর একাংশ ভেঙে যায়। ফলে পালংখালীর সঙ্গে উখিয়া সদর, মনখালীসহ বিভিন্ন গ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। পালংখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিরুল ফয়েজ বলেন, ছয় বছর ধরে পালংখালী-মনখালী সড়কের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় পালংখালী বাজারটি মরে গেছে। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে ফেলেছেন।মনখালী গ্রামের বাসিন্দা জালিয়াপালং ইউনিয়নের সদস্য সোলতান আহমদ বলেন, সেতুটি সংস্কার না হওয়ায় যথাসময়ে পণ্য পরিবহন করা যাচ্ছে না। ফলে রপ্তানিযোগ্য মাছ ও বিভিন্ন সবজি নষ্ট হয়ে যাচ্ছে। মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, সেতুটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদ থেকে লিখিতভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উখিয়ার কার্যালয়ে কয়েকবার পাঠানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। এলজিইডির উখিয়া উপজেলা প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক এ প্রসঙ্গে বলেন, ‘আমি সেতুটি পরিদর্শন করেছি। বর্তমানে সেতুর কারণে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। আগামী উপজেলা মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নিয়ে সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, আগামী মাসিক সমন্বয় সভায় সেতুটি সংস্কারে বরাদ্দের জন্য আলোচনা করা হবে। সিদ্ধান্ত হলে দ্রুত সেতু সংস্কার করা হবে।