ছয় বিশ্ববিদ্যালয়ের ঐকতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির প্রদীপগুলো জ্বলছিল মিটিমিটি। বাঁশির সুরে সুরে একটা রহস্য খেলা করছিল পুরো মিলনায়তনে। এই বাঁশিওয়ালা আর কেউ নন, বুয়েটঃমূর্ছনার বন্ধু শুভ। তাঁর সুরে সুর মেলাতে একে একে এসে জড়ো হলেন প্রমা, দীপিকা, কুহু সিঞ্চিতা, সৃজন, মাকসুদ, রনি, হূদয় আর স্বাগতা। তাঁদের কণ্ঠের সুরেলা জাতীয় সংগীতের প্রতি সম্মান জানাতে এর মধ্যে দাঁড়িয়ে গেছে পুরো মিলনায়তনের সবাই। আজ সবার রঙে রং মেশানোর দিন। ৯ জুন বুয়েটঃমূর্ছনা আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হয় এই জাতীয় সংগীতে সুরে সুরে।এরপর প্রদীপ হাতে বুয়েটঃমূর্ছনার বন্ধু মৌসুমি, সাবা, মীম আর অরিনের মঙ্গলনৃত্য। সবচেয়ে বড় প্রদীপটি এখনো অপেক্ষায় জ্বলে ওঠার। সেই অপেক্ষার অবসান করলেন বুয়েটের উপাচার্য আ ম ম সফিউল্লাহ। উপাচার্য, সহ-উপাচার্য, বুয়েটঃমূর্ছনার মডারেটর জেবুন নাসরীন আহমেদ ও সভাপতি মো. জাফরুল ইসলাম শুভর শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হলো প্রধান আয়োজন। আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের উপস্থাপনা।‘আমাদের কলরবে মুখরিত হোক তোমাদের মন-হূদয়ের দাবি নিয়ে, এই আমাদের আয়োজন’—এই গান দিয়েই শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলসিঁড়ির ইমতিয়াজ, গৌরব, প্রবীর, শরীফ, হাসনাত, নাজমুল, মৃদুল, অপূর্ব ও হিমেলের লোকগীতির সংগৃহীত গান নিয়ে প্রযোজনা ‘শূন্যের কারবারি’। মিলনায়তনজুড়ে ছিল তন্ময় হয়ে যাওয়া নিশ্চুপ দর্শক। এর ফাঁকে কথা হলো বুয়েটঃমূর্ছনার সভাপতি শুভর সঙ্গে। ‘আমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি, তারা পুরোটাই যান্ত্রিক নই। আমাদেরও একটা মন রয়েছে, যে মন ভালোবাসে গান, কবিতা, সংস্কৃতি।’জেবুন নাসরীন আহমেদও একেবারে একাত্ম হয়ে গিয়েছিলেন সাংস্কৃতিক উৎসবের সঙ্গে। সুর ছাড়া সৃষ্টি সম্ভব নয় বলে তিনি মনে করেন। তাই পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিচর্চার এই বিশেষ আয়োজনের সঙ্গে তাঁরা পাবলিক ও প্রাইভেট—উভয় বিশ্ববিদ্যালয়ের সবাইকে একাত্ম হতে ডাক দিয়েছেন। বুয়েটঃমূর্ছনার এই ডাকে ছুটে এসেছিল জাহাঙ্গীনগর, আহছানউল্লা, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।দ্বিতীয় দিনে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সুরমা, সৈকত, সৌধ, বিক্রম, আসলাম, রাহাত মাতিয়েছিলেন গানে গানে আর উপমা, তৃষা মাতিয়েছিলেন নেচে।এরপর ব্র্যাক ইউনিভার্সিটির ফকির লালনের গানে ঢেলে দিয়েছিল মনের সকল দরদ—‘দাসী পানে একবার চাহে দয়াল মন খবর...ক্ষম অপরাধ’। দর্শকসারিতে তখন আ-হা রব উঠে গিয়েছিল। শবনব শানের নাচ, মিফতার আর অহিয়ার গানও মুগ্ধ করে সবাইকে। উন্মুক্ত তরবারি হাতে দুর্গম গিরি কান্তার মরুর সঙ্গে বেশ নেচেছিলেন শবনম।ইস্ট ওয়েস্টও পিছিয়ে ছিল না। বাংলার মহান পঞ্চকবির গান নিয়ে আসেন তানভীর, নিলয়, পৃথ্বী, প্রিয়াংকা, ইমরান।পৃথ্বীর ‘তোমার খোলা হাওয়া’ গানের সঙ্গে তাসাকয়া নীল আঁচলের হাওয়া দোলানো নাচটা বেশ ভালো লেগেছিল সবার। রূপকের ‘দিন যায় কথা থাকে’ গানের কথা আর না-ই বা বললাম। এরপর ছিল এনএসইউর পালা। গান আর নাচের ফাঁকে দুর্নীতি নিয়ে নাটিকাটি ছিল চমৎকার। ভালো ও মন্দের কম্পোজিশনটার কোরিওগ্রাফি ছিল নজরকাড়া। তৃতীয় দিনটি ছিল বুয়েটঃমূর্ছনার। ‘অনামিকার ডায়েরি’র কথোপকথনে অভি, সুমি, সুবীর, হূদয়ের গানের পর নিষাদের কবিতা পড়া। এরপর রনির গান আর শুভর চমৎকার আবৃত্তি। ‘হাতে ঝনানঝন’-এর সুরে তিন কন্যার পায়েল ঝংকার বাজছিল মিলনায়তনে। তারপর তন্মা আর কেয়ার গান। কেয়ার গানে হূদয়ের আকুতি ছুঁয়ে গেছে সবার মনে। বাঁধন, সৌমিত্র, সুদীপ্ত, মাফসুদ, মৌলিব, জয়, কল্লোল, দীপিতা আর প্রমার অসাধারণ উপস্থাপনার পর ছিল বুয়েটঃমূর্ছনার চমক আর দীপেশ ভাইয়ের চমকে দেওয়া হূদয়ছোঁয়া গান।সমাপনী পর্বটা হয়ে গেল এর পরপরই। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ড. মো. হাবিবুর রহমান, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর, ড. জেরুন নাসরিন আহমেদ প্রমুখ।