ছয় মাসেই তেতো বন্ধুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা এত দ্রুত বদলে যাবে এমনটা ভাবেননি কেউ। ক্ষমতা গ্রহণের ছয় মাস কাটতে না কাটতেই রাজ্যের শাসকজোটের দুই শরিকের মধ্যে শুরু হয়ে গেছে প্রকাশ্য মতবিরোধ, কাদা ছোড়াছুড়ি। অথচ এই দুটি দলই ঐক্যবদ্ধ হয়ে গত এপ্রিল-মে মাসের রাজ্য বিধানসভা নির্বাচনে ৩৪ বছরের ক্ষমতাসীন বামফ্রন্টকে হারিয়ে দিয়েছিল বিপুল ভোটে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কংগ্রেসের সমালোচনাকে। জোর গলায় বলছেন, তাঁদের শক্তি অনেক। এ রাজ্যে কংগ্রেসকে ছাড়াই চলতে পারবেন। বরং দিল্লিতে চলতে গেলে কংগ্রেসকে নিতে হবে তৃণমূল কংগ্রেসের সমর্থন। অন্যদিকে কংগ্রেসও ছেড়ে কথা বলছে না। মমতার কেন্দ্রীয় সরকার ফেলে দেওয়ার হুমকিকে বিশেষ পাত্তা দিচ্ছে না কংগ্রেস। রাজ্যজুড়ে দুই শরিকের মধ্যে চলা বিবাদে হাসছে বামফ্রন্টের শরিকেরা। দুই শরিকের দ্বন্দ্ব প্রথম বড় হয়ে প্রকাশ্যে আসে গত মাসে। শেওড়াফুলিতে অনুষ্ঠিত পঞ্চায়েত সম্মেলনে জাতীয় কংগ্রেস নেতারা অভিযোগ তোলেন, বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতার গরমে তৃণমূল কংগ্রেস সেভাবে তাদের গুরুত্ব দিচ্ছে না। হুগলির কংগ্রেস ঘোষণা দেয়, রাজ্যে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তারা একাই লড়বে।রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, তাঁদের সঙ্গে সাধারণ মানুষ আছে। কংগ্রেসের উত্থানের সুযোগ এখনই। যাঁরা কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করবেন ভেবেছিলেন, তাঁরা ভুল করেছেন। মাওবাদীদের প্রতি ‘সহানুভূতি’ দেখানো তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের এক বড় অভিযোগ।তা ছাড়া রয়েছে এলাকায় প্রাধান্য নিয়ে সংঘাত। নির্বাচনে জয়ের পর তৃণমূল এলাকার নিয়ন্ত্রণ নিতে চড়াও হয় কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর। খুনাখুনির ঘটনাও ঘটেছে এ নিয়ে। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ দলের লোকজনের এ হামলার মুখে সর্বভারতীয় দল হলেও কংগ্রেস একটু কোণঠাসাই হয়ে পড়ে।কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে ১৮ নভেম্বর যুব কংগ্রেস কলকাতায় মৌন মিছিল বের করে। কংগ্রেসের যুব সংগঠনের এই মিছিল করার খবর শুনে খেপে যান মমতা। এর পরই তিনি হুঁশিয়ারি দেন এখন কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোনদিকে থাকবে। সিপিএম না তৃণমূলে। মমতা বলেন, তৃণমূল একাই চলতে পারে। বাংলার মানুষ চেয়েছিল বলে জোট হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে সিপিএমের বন্ধু হয়ে কেউ চললে তৃণমূল তাদের পাশে থাকবে।মমতার এ প্রতিক্রিয়ায় আবার ক্ষোভ ছড়িয়ে পড়ে কংগ্রেসে। কলকাতার দমদমে ডাকা এক সভায় রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘দলকে বিক্রি করার জন্য জোট করা হয়নি। আমরা জোট করেছি সিপিএমকে সরানোর জন্য।’পর্যবেক্ষকেরা বলছেন, এভাবে বিরোধ চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুই দলই। মমতার বারবার সরকার ফেলার হুমকিতে ইতিমধ্যেই নতুন করে ঘুঁটি সাজাতে শুরু করেছে কংগ্রেস। শোনা যাচ্ছে তারা নতুন করে বন্ধু খোঁজা শুরু করেছে। অমর সাহা, কলকাতা