ছয় মাসেও উদ্ধার হয়নি অপহূত স্কুলছাত্রী চন্দ্রিকা
ছয় মাসেও উদ্ধার হয়নি কক্সবাজারের রামু বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী চন্দ্রিকা বড়ুয়া (১৫)। গত বছরের ১১ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় রামুর রাস্তার মাথা এলাকা থেকে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এর পর থেকে তার খোঁজ নেই। এ নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।
চন্দ্রিকা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের চেদিরপুনি গ্রামের দীলিপ বড়ুয়ার মেয়ে। সে মামা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়াপাড়ার বাসিন্দা চন্দন বড়ুয়ার বাড়িতে থেকে লেখাপড়া করত।
এ ঘটনায় গত ১৭ জুলাই চন্দ্রিকার মা শিউলী বড়ুয়া বাদী হয়ে রামু থানায় একটি অপহরণ মামলা করেন। এতে খুরুলিয়া সিকদারপাড়ার মোস্তাফিজুর রহমান (২৫), কবির উদ্দিন (৩২), মো. ফজলু (৩০), বিলকিস আকতার (২০), হামিদা বেগম (৫৫)সহ আটজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চন্দ্রিকা বিদ্যালয়ে যাতায়াতের সময় বখাটে যুবক মোস্তাফিজ দলবল নিয়ে তাকে উত্ত্যক্ত এবং মুঠোফোনে প্রেম নিবেদন করত। কিন্তু চন্দ্রিকা এতে অস্বীকৃতি জানালে মোস্তাফিজ অপহরণ করে ধর্ষণের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামু থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বলেন, অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গত বছরের ২ ডিসেম্বর কক্সবাজার আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান, কবির উদ্দিন, মো. ফজলুর রহমান, বিলকিস আকতার, হামিদা বেগম ও মো. নজিবুল আলমকে অভিযুক্ত করা হয়।
পুলিশ জানায়, মামলার আসামি কবির উদ্দিনকে ঘটনার পর পুলিশ আটক করে কারাগারে পাঠায়। কিন্তু পাঁচ মাস পর অর্থাৎ ২০ জানুয়ারি তিনি জামিনে মুক্ত হন। এর আগে মামলার আসামি হামিদা বেগম ও বিলকিস আকতার আদালত থেকে জামিন লাভ করেন।
চন্দ্রিকার মা শিউলী বড়ুয়া (৪০) প্রথম আলোকে বলেন, অপহরণের ছয় মাস পার হলেও পুলিশ তাঁর মেয়ের খোঁজ পাচ্ছে না। তাঁর সন্দেহ, মেয়েকে হত্যা করে আসামিরা লাশ গুম করেছে।
এ ছাড়া আসামিরা কারাগার থেকে মুক্ত হয়ে অপহরণ মামলা তুলে নিতে এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে।
কান্নাজড়িত কণ্ঠে শিউলী বড়ুয়া বলেন, ‘তিন ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ে চন্দ্রিকা লেখাপড়ায় ভালো ছিল। তার ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু সন্ত্রাসীরা অপহরণ করে সেই স্বপ্ন ভেঙে দিল। এখন আমি যেকোনো উপায়ে আমার মেয়েকে ফেরত চাই।’