ছয় মাসেও ক্ষতিপূরণ পেল না আসাদের পরিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আসাদুজ্জামান হত্যার ঘটনায় ছয় মাসেও নিহতের পরিবার কর্তৃপক্ষের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ পায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে এ ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে প্রায় ২০০ গজ দূরে রেললাইনের ওপর তিন সন্ত্রাসীর ছুরিকাঘাতে আসাদ গুরুতর আহত হন। পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশু উপজেলার ভিটি গ্রামে। গ্রামের বাড়িতে নিহতের অসুস্থ বাবা-মা, দুই ভাই ও এক বোন রয়েছে।এ প্রসঙ্গে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে জানান, ‘আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব।’ আসাদের বড় ভাই আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আসাদকে হারানোর শোকে আমার বাবা-মা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। আসাদ নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমার ছোট ভাইকে (আসাদের বড়) চাকরি দেওয়ার আশ্বাস আজও বাস্তবায়িত হয়নি। আর্থিক ক্ষতিপূরণও পাইনি।’ তিনি আরও জানান, ‘আমার ছোট ভাই স্নাতক (বিএসসি) পাস। তাকে বিশ্ববিদ্যালয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর একটি চাকরি দিলে আমাদের পরিবারে কিছুটা হলেও সচ্ছলতা ফিরে আসবে। ছোট বোনটাকে পাত্রস্থ করা যাবে।’বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। নিহত আসাদের ভাই যোগাযোগ করলে পদ শূন্য সাপেক্ষে তার যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেওয়া যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।আসাদ খুন হওয়ার আগে ১১ ফেব্রুয়ারি রাতে নগরের ষোলশহর স্টেশনে রাজনীতিবিজ্ঞানের ছাত্র এ এ এম মহিউদ্দিন এবং ২৯ মার্চ রাতে চৌধুরীহাট ও সেনানিবাস স্টেশনের মাঝামাঝি বড়দীঘিরপাড় এলাকায় মার্কেটিং বিভাগের দ্বিতীয় (পুরাতন) বর্ষের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার খুন হন। এ দুটি ঘটনায় নিহতের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে প্রশাসন জানায়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আনিসুজ্জামান ইমন প্রথম আলোকে জানান, ‘আমরা অবিলম্বে আসাদের বড় ভাইকে চাকরির ব্যবস্থা ও তাঁর বাবাকে আর্থিক সাহায্য করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এজন্য আমরা প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছি।’ অসচ্ছল আসাদ পরিবারকে সাহায্য করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।