বিরিয়ানি খেয়ে ছয় মাস আগে মারা গিয়েছিল কক্সবাজারের পেকুয়ার দুই বোন মিনজিলা আকতার (৯) ও সানজিলা ইয়াছমিন (৩)। এ ঘটনায় তাদের মা ইয়াছমিন আকতার বাদী হয়ে স্বামী মিজানুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করলেও এ পর্যন্ত কেউ ধরা পড়েননি।
মামলার বাদী ইয়াছমিন আকতারের (২৬) অভিযোগ, পুলিশ আসামিদের ধরছে না। আসামিরা এখন মামলা তুলে নিতে তাঁকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পুলিশও মামলার তদন্ত নিয়ে গড়িমসি করছে। তাই মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করতে তিনি জেলা পুলিশ সুপার বরাবর আবেদন করেন।
পুলিশ বলছে, আসামিরা এলাকায় নেই, তাই ধরা যাচ্ছে না।
২০০৪ সালে ইয়াছমিনের সঙ্গে বিয়ে হয় পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরঘোনার বাঘগুজারা এলাকার মৃত কালু সওদাগরের ছেলে মিজানুল হকের (৩৬) সঙ্গে। ইয়াছমিন একই গ্রামের মোজান্মেল হকের মেয়ে। তাঁদের সংসারে জন্ম হয় দুই মেয়ে মিনজিলা ও সানজিলা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৩ অক্টোবর রাতে মিজানুল হক তিনটি বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে আসেন। এরপর প্যাকেট তিনটি স্ত্রী ইয়াছমিন ও দুই মেয়ে মিনজিলা ও সানজিলাকে খেতে দেন। বিরিয়ানি খেয়ে মা-মেয়ে তিনজনই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তঁাদের উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যায়। সেখানে সানজিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর অবস্থার অবনতি হলে মা ইয়াছমিন ও বড় মেয়ে মিনজিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দুইটার দিকে সেখানে (মেডিকেলে) মারা যায় মিনজিলা।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরিকল্পিতভাবে তঁাদের (মা ও মেয়ে) হত্যা করতে স্বামী মিজানুল হক বিরিয়ানির সঙ্গে বিষ মেশান এবং বাড়িতে জোরপূর্বক তঁাদের ওই বিরিয়ানি খাওয়ানো হয়। কিন্তু তিনি বেঁচে গেলেও দুই মেয়ের মৃত্যু হয়। মিজানুলের সঙ্গে অন্য একটি মেয়ের পরকীয়া ছিল।
এ ব্যাপারে মিজানুল হকের বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইয়াছমিন আকতারের অভিযোগ, ঘটনার পর মেয়ে হত্যার ব্যাপারে পেকুয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে। এরপর তিনি আদালতের আশ্রয় নেন।
গত ২৬ অক্টোবর ইয়াছমিন আকতার বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলায় স্বামী মিজানুল হককে আসামি করা হয়। আদালতের বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আদালতকে অভিহিত করতে পেকুয়া থানার ওসিকে নির্দেশ দেন। এরপর পুলিশ মামলাটি গ্রহণ করে। তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক। কিন্তু এ পর্যন্ত তিনি কাউকে আটক করতে পারেননি।
গত ১৭ ফেব্রুয়ারি ২০১৬ মামলার বাদী ইয়াছমিন আকতার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে আরও চার ব্যক্তিকে আগের মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্তি এবং গ্রেপ্তারের আদেশ চান। আদালত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন পেকুয়া থানার পুলিশকে।
সর্বশেষ গত ১৩ মার্চ বাদী ইয়াছমিন আকতার জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করে মামলার তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি জানান।
বাদীর অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি তদন্ত কার্যক্রম নিয়ে গড়িমসি করছেন। বাদীকে সহযোগিতা করার পরিবর্তে উল্টো ধমক দিচ্ছেন। এতে মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. শফিক প্রথম আলোকে বলেন, আসামিরা এলাকায় নেই, তাই ধরা পড়ছে না। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, খাবারে বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। তবে এখনো ভিসেরা রিপোর্ট হাতে না আসায় মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা সম্ভব হচ্ছে না। চার্জশিটে আসামিরা হত্যার দায় থেকে অব্যাহতি পেতে পারেন।
বাদীর অন্যান্য অভিযোগ ভিত্তিহীন দাবি করে এসআই মো. শফিক বলেন, মামলার ভবিষ্যৎ খারাপ দেখে ইয়াছমিন আকতার তদন্তভার সিআইডিতে হস্তান্তরের চেষ্টা করছেন। এ ক্ষেত্রে তাঁর করার কিছু নেই।
মামলার তদন্ত ও সিআইডিতে হস্তান্তর প্রসঙ্গে জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।