ছয় মাসের মধ্যে পৌর ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র হারুনুর রশিদ বলেছেন, পৌরসভা প্রতিষ্ঠার ২০ বছরেও পটিয়া পৌরসভাকে যুগোপযোগী মহাপরিকল্পনার (মাস্টারপ্ল্যান) আওতায় আনা সম্ভব হয়নি। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নিজস্ব ভবন নেই। দায়িত্বভার গ্রহণ করার পর প্রথম কাজ হবে পটিয়া পৌরসভাকে মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসা ও ছয় মাসের মধ্যে পৌর ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু করা। সমপ্রতি প্রথম আলোর সঙ্গে আলাপকালে আগামীদিনের পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।তিনি বলেন, পটিয়াতে মাধ্যমিক পর্যায়ে একটি মাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় আছে। স্বল্পসংখ্যক আসনের কারণে সেখানে অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। তাই আগামী বছরের শুরুতেই এ বিদ্যালয়ে দুই পালা চালুর উদ্যোগ নেব। এ ছাড়া নারীশিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া হবে। মেয়র বলেন, জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে এলাকায় বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা করা হবে। এ ছাড়া পৌরসভায় অনেক সড়ক সংস্কারবিহীন রয়েছে, সেগুলো সংস্কার করা হবে।তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একটি মাতৃসদন, কেন্দ্রীয় কবরস্থান ও শ্মশান নির্মাণ এবং পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা হবে। এ ছাড়া পৌরসদরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য নাট্যমঞ্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, দুস্থদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। তাঁদের কাছ থেকে কর নেওয়া হবে না । বকেয়া করও মাফ করা হবে। তিনি বলেন, পৌরসভার যেকোনো কাজ করার সময় সাবেক দুই চেয়ারম্যানের পরামর্শ নেব। আর ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে যেন থানায় গিয়ে কষ্ট ভোগ করতে না হয়, সে লক্ষ্যে স্থানীয়ভাবে সমাধানের ব্যবস্থা করব। দীর্ঘদিন ধরে পটিয়া থেকে চট্টগ্রামে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে বাড়তি বাসভাড়া আদায়, বিশেষ বিশেষ দিনে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রী হয়রানি চলছে। এ ব্যাপারে পটিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করা হবে। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে হারুনুর রশিদ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন। তিনি সাত হাজার ৬০৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি, ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সভাপতি, পটিয়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি।