কক্সবাজারে নাশকতার ১৫ মামলায় আসামি বিএনপি-জামায়াতের দুই হাজার নেতা–কর্মী
ছয় শতাধিক কারাগারে অন্যরা ঘরছাড়া
কক্সবাজারে নাশকতা ও সহিংসতার ১৫টি মামলায় বিএনপি-জামায়াতে ইসলামীর বেশির ভাগ নেতা-কর্মী ঘরছাড়া। গত দুই মাসের বেশি সময়ে পুলিশ এসব মামলার ছয় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে বিএনপির নেতা-কর্মীর সংখ্যা ৪০৯ ও জামায়াতে ইসলামীর ২২৪ জন।
সর্বশেষ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে তুলে নেওয়ার প্রতিবাদে ১১ মার্চ রাতে পেকুয়া সদরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় স্থানীয় বিএনপির ৩১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ১২ মার্চ পেকুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, ১২ মার্চ ভোরে অভিযান চালিয়ে পুলিশ এ মামলার আটজনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, গত ৫ জানুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত বিরোধী জোটের টানা ৬৭ দিনের হরতাল–অবরোধে নাশকতা ও সহিংসতার ঘটনায় পৃথক ১৫টি মামলা করা হয়। এসব মামলায় আসামির সংখ্যা দুই হাজারের বেশি। এর মধ্যে ৬৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও ধরার চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কক্সবাজার পৌরসভা জামায়াতে সেক্রেটারি সাইদুল আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহেদুল ইসলাম, ছাত্রশিবির কক্সবাজার কলেজ শাখার সেক্রেটারি মো. করিম উল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলম, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তারেক অন্যতম।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, অবৈধ এই সরকারের পতন ঘটাতে বিরোধী জোটের আন্দোলন অব্যাহত থাকবে। ১১ মার্চ রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর উত্তরার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমদকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাঁর খোঁজ নেই। এ কারণে জেলা বিএনপি আজ রোববার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এর পরও কাজ না হলে কঠোর কর্মসূচি দিয়ে কক্সবাজারকে অচল করে দেওয়া হবে।
তিনি বলেন, পেকুয়া, চকরিয়া, উখিয়া, সদরসহ জেলার বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও নাকশতার মামলা দিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ঘরছাড়া করা হচ্ছে। বহু নেতা-কর্মীকে আটক করে কারাগারে পাঠানো হচ্ছে। তার পরও সরকারবিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না।