ছয় শিল্পীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত বৃহস্পতিবার বসেছিল ছয় তরুণ শিল্পীর গানের আসর। ‘প্রাণের উল্লাসে গানে গানে’ শিরোনামের এই অনুষ্ঠানটি ছিল সংগঠনটির ৮৫তম আয়োজন।

সন্ধ্যা সাতটা থেকে প্রায় দুই ঘণ্টা দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পী মেঘলা দে, মৌমিতা বড়ুয়া, অভিষেক দাশ, সাইমা সাবরিন, নীলময়ূরী চৌধুরী ও রিফাইত উদ্দিন। মেঘলা দের কণ্ঠে ‘সবারে বাসব ভালো’ গানটির মাধ্যমে শুরু হয় আয়োজন। তিনি গেয়ে শোনান ‘যদি তারে নাই চিনিলে, ‘বেলা বয়ে যায়’ ও ‘প্রিয় যাই যাই বলো না’। এরপর আলোচনাপর্ব। বক্তব্য দেন সংগীত শিক্ষক প্রদীপ দাশ, সুব্রত দাশ ও শান্তিময় চক্রবর্তী।

এবার মঞ্চে আসেন নীলময়ূরী চৌধুরী। তিনি পরিবেশন করেন ‘আমার হিয়ার মাঝে’, ‘যাব না যাব না’, ‘গহন কুসুম কুঞ্জ মাঝে’, ‘আমার গহিন জলের নদী’ এ চারটি গান। এরপর অভিষেক দাশ শুরু করেন রবীন্দ্রনাথের ‘মেঘ বলেছে যাব যাব’ গানটি দিয়ে। আরও তিনটি গান গেয়ে অভিষেক যেন সুরের খেয়ায় চড়ালেন দর্শকদের। তার ষোলকলা পূর্ণ করেন মৌমিতা বড়ুয়া। তাঁর গাওয়া চারটি গান মুগ্ধতার আবেশ ছড়ায়। এরপর সুরের পালে আরও জোর হাওয়া লাগান সাইমা সাবরিন ও রিফাইত উদ্দিন। তাঁরাও চারটি করে গান গেয়ে মাতিয়ে তোলেন মঞ্চ।