ছয় হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দীঘিনালায়
আঞ্চলিক রাজনীতিতে আধিপত্যকে কেন্দ্র করে সংঘটিত ১১ হত্যা মামলার ছয়টিতেই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দীঘিনালা থানার পুলিশ। সাক্ষ্য দেওয়া ও মামলা পরিচালনায় বাদীপক্ষের অপারগতা এবং কোনো সূত্র না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো ভয় আর আতঙ্কে মুখ খুলতে চায় না। স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে দিন কাটায় তারা।চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কারণ হিসেবে প্রায় সব তদন্ত কর্মকর্তা একই রকম ব্যাখ্যা দিয়েছেন—ঘটনার সূত্র ও সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরবর্তীকালে কোনো সূত্র পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করা হবে। বাকি পাঁচ মামলার তদন্ত চলছে বলে থানা সূত্রে জানা যায়। জানা যায়, ২০১০ সালের ৯ জুন সড়ক ও জনপথ কার্যালয়ের মাঠে খুন হন জনমিত্র চাকমা (২৫)। পরে ২৬ জুন চিত্রসেন কার্বারিপাড়া এলাকায় গুলি করে জেএসএসের সদস্য সুশীল ত্রিপুরা (২৫) ও বারিজা চাকমাকে (২৮) হত্যা করা হয়। মামলা দুটির তদন্ত করছেন উপপরিদর্শক রাশেদুল ইসলাম ভূঁইয়া। সুশীল ত্রিপুরার স্ত্রী মোদিনী ত্রিপুরা বলেন, ‘স্বামী হত্যার বিচার চেয়ে শ্বশুর-শাশুড়িকে বিপদে ফেলতে চাই না।’ সুশীলের মা অলকা রানী ত্রিপুরা বলেন, ‘বাবু, আমরা গরিব মানুষ। বিচার সৃষ্টিকর্তার কাছে দিয়েছি। সন্তান হত্যার বিচার চাইতে গেলে হয়তো স্বামীকেও হারাতে হবে।’২০০৭ সালের ১৬ জানুয়ারি মনের মানুষ এলাকায় খুন হন যুব সমিতির সভাপতি মিলন চাকমা রিংকু। পরদিন তাঁর বাবা স্নেহ কুমার চাকমা অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ মামলার কিনারা করতে পারেননি। একই বছরের ৩০ জানুয়ারি শিশিমণি চাকমা (২৫) ওরফে চন্দ্র দেবকে হাজাছড়া এলাকায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর পরিবার মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। দুটি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খোকনচন্দ্র দেবনাথ ২০০৯ সালের ১৮ মার্চ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রদীপ কুমার মহাজনপাড়া গ্রামে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য প্রীতি কুমার চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা চন্দ্র কুমার চাকমা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. বদিউজ্জামান। ২০০৮ সালের ১৯ আগস্ট ভৈরফা গ্রাম থেকে অপহূত ললিত মোহন চাকমার খোঁজ এখনো পাওয়া যায়নি। একই বছরের ৪ সেপ্টেম্বর একই গ্রাম থেকে জগদীশ চাকমা রণতূর্য ও লক্ষ্মীচন্দ্র চাকমাকে অপহরণের পর হত্যা করা হয়। ১০ সেপ্টেম্বর তাঁদের লাশ উদ্ধার করা হয়, জগদীশের স্ত্রী মিনা চাকমা বাদী হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা খোকনচন্দ্র দেবনাথ ২০০৯ সালের ২৭ মে দুই মামলারই চূড়ান্ত প্রতিবেদন দেন।ললিত মোহন চাকমার স্ত্রী আফা রানী চাকমা বলেন, ‘মামলা করেছি সত্য, কিন্তু আতঙ্ক আর ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর নয়।’ জগদীশ চাকমার বাড়ি তালাবদ্ধ। খুন হওয়ার পর থেকে তাঁর পরিবার গ্রামে থাকে না বলে জানান স্থানীয় লোকজন। ২০০৯ সালের ১১ ডিসেম্বর মনের মানুষ এলাকায় জনসংহতি সমিতির সদস্য জীতেন চাকমা ওরফে শান্তি বিকাশকে গুলি করে হত্যা করা হয়। ২৭ ডিসেম্বর বড়াদম এলাকায় জনসংহতি সমিতির সাবেক সদস্য প্রদীপ চাকমা ওরফে ডাক্তার যোগেশকে কুপিয়ে হত্যা করা হয়। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুল ইসলাম ভূঁইয়া মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন দেন ২০১০ সালের ৮ জুলাই।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এ প্রসঙ্গে বলেন, মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে কোনো মামলারই সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। এমনকি বাদীও মামলা পরিচালনা করতে নারাজ। ঘটনাস্থলের আশপাশের মানুষও পুলিশের কাছে মুখ খোলা কিংবা সাক্ষ্য দিতে চান না। ফলে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া ছাড়া উপায় থাকে না।’