ছয় হাজার কৃষকের জন্য একজন কৃষি কর্মকর্তা!
নিয়ম অনুযায়ী মাঠপর্যায়ে ৮০০ জন কৃষকের জন্য ১ জন কৃষি কর্মকর্তা থাকার বিধান আছে। অথচ চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার পাঁচ গ্রামের ছয় হাজার কৃষকের জন্য মাত্র একজন কৃষি কর্মকর্তা কর্মরত রয়েছেন। এতে কৃষকেরা কৃষি বিষয়ে পরামর্শ ও হাতে-কলমে প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। একজন কৃষি কর্মকর্তার পক্ষে বিপুলসংখ্যক কৃষকের কাজ তদারক করাও অসম্ভব হয়ে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটিকছড়ি উপজেলা কার্যালয় সূত্র জানায়, রাঙ্গামাটিয়া ও ধুরুং ইউনিয়ন নিয়ে গঠিত ফটিকছড়ি পৌরসভার পাঁচটি গ্রামে ছয়টি কৃষি ব্লক রয়েছে। এসব ব্লকে কৃষকের সংখ্যা ৬ হাজার এবং জমির পরিমাণ ২ হাজার ২১৮ হেক্টর। এসব এলাকায় কৃষি পরামর্শের জন্য এর আগে ছয়জন উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। ২০১১ সালে ফটিকছড়ি সদর পৌরসভায় উন্নীত হওয়ায় কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে ধুরুং ও রাঙ্গামাটিয়া ইউনিয়নে ছয়টি কৃষি কর্মকর্তার পদের পাঁচটিই বিলুপ্ত করে মাত্র একটি বহাল রাখা হয়। এরপর থেকে ওই একটি পদে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন। পৌর এলাকার একমাত্র উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তৈয়বুল হক বলেন, ‘নিয়ম অনুযায়ী ৮০০ জন কৃষকের বিপরীতে মাঠপর্যায়ে ১ জন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা। উপজেলার নাজিরহাট পৌরসভায় এখনো চারজন কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। অথচ এখানে ছয় হাজার কৃষকের জন্য আছি আমি একা।’
পৌরসভার উত্তর ধুরুং এলাকার কৃষক মো. আবদুস সাত্তার বলেন, ‘আজকাল আর কৃষি কর্মকর্তাদের দেখাও পাওয়া যায় না। তাঁরা আছেন কি নাই তাও জানি না। ভালো ফলনের জন্য কোনো উপদেশ-পরামর্শও পাই না। আগে তাঁরা ঘন ঘন আসতেন। এখন আসেন না।’
পৌর এলাকার রাঙ্গামাটিয়া এলাকার কৃষক মো. আইয়ুবুর রহমান বলেন, ‘মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তা না থাকায় আমরা নানা সমস্যায় রয়েছি। প্রয়োজনীয় পরামর্শের অভাবে কৃষিতে নানাভাবে লোকসান গুনছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় পৌরসভা থেকে পদগুলো বিলুপ্ত করেছে। এটি যৌক্তিক হয়নি। বিষয়টি বিভাগীয় কৃষি অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তাঁরা শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’