অফিসে বা বাসার আশপাশে দিনে ছয়বার পায়চারি করলে স্বাস্থ্যবিমার বিপরীতে পাওয়া যাবে দেড় ডলার। এমন ব্যায়াম আরেকটু বাড়ালে বছরে পাওয়া যাবে ১ হাজার ৪০০ ডলার। আর এ সুবিধা পেতে হলে নিতে হবে একটি বিশেষ পরিধেয় যন্ত্র। এতে শারীরিক সুস্থতার বিষয়ে তথ্য সংরক্ষিত হবে।
‘ট্রায়ো ট্র্যাকার’ নামের এই যন্ত্রটি বাজারে এনেছে মার্কিন দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার ও প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকম। গ্রাহক ব্যায়াম করার ক্ষেত্রে কতটা নিয়মিত, মনোযোগী ও সমর্থ—এই তিন বিষয় যন্ত্রটি পর্যবেক্ষণ করে। করপোরেট প্রতিষ্ঠানের নিয়োগকর্তা ও কর্মচারীদের শারীরিক সুস্থতা বাড়ানো ও স্বাস্থ্যবিমায় খরচ কমানোই তাদের উদ্দেশ্য।
ইউনাইটেড হেলথ কেয়ারের স্টিভ বিসাই বলেন, ‘গ্রাহকদের নিজেদের ভালোর জন্য এ প্রস্তাবে তাঁদের উৎসাহিত কীভাবে করা হবে—সেটি আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ তিনি শারীরিক সুস্থতা ও কর্মকাণ্ড পরিমাপে ট্রায়ো ট্র্যাকারকে ‘যুগান্তকারী’ বলে অভিহিত করেছেন। ইউনাইটেড হেলথ কেয়ারের প্রযুক্তিগত অংশীদার কোয়ালকম এই প্রযুক্তি নিয়ে এসেছে। ওই যন্ত্রটি পায়চারি করার সময় প্রতিটি পদক্ষেপ শনাক্ত করাসহ শারীরিক সুস্থতার নানা নির্দেশক পর্যবেক্ষণ করে।