জগতজ্যোতি হোমের জ্যোতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওঠ ওঠ রে বিফলে প্রভাত বয়ে যায় রে’। প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেই গাইতে হয় শয্যা ত্যাগের গান এ গান। এরপর কক্ষ পরিষ্কার করে সাড়ে পাঁচটায় মিলিত হয় সমাবেশে। এতে নেওয়া হয় সবার সুবিধা-অসুবিধার খবর। প্রার্থনা সংগীত ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা’, ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’, পালাক্রমে এ রকম পাঁচটি গান গাওয়া হয় সমাবেশে। গান শেষে সবাই সারিবদ্ধভাবে যায় বিহারে প্রার্থনা করতে। প্রার্থনা শেষে চলে শরীরচর্চা, রাস্তাঘাট পরিষ্কার ও পড়াশোনা। পড়া শেষে সকালের খাবার খেয়ে বিদ্যালয়ে যাওয়া। ফিরেই আবার শুরু হয় রুটিনবদ্ধ কাজ। বলছিলাম কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের রামকোটে অবস্থিত জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমের কথা। প্রায় ১৫ বছর আঁধারে জ্যোতি ছড়াচ্ছে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি। রামু উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দক্ষিণে রাজারকুলে পাহাড়চূড়ায় প্রায় আড়াই হাজার বছর আগে সম্রাট অশোক নির্মাণ করেন ঐতিহাসিক রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার। বিহার থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখে পড়ে সাজানো-গোছানো পরিবেশে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত প্রতিষ্ঠানটি। ১৯৯৪ সালের শুরুর দিকে ইতালিয়ান নাগরিক ফাদার পিয়াট্রো লুইজি লুপি এ হোম প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে হোমের উদ্বোধন করেন তৎকালীন স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরী।হোমের পরিচালক প্রসূন বড়ুয়া ও সহকারী পরিচালক অনুমিতা বড়ুয়া জানান, এ হোমে মা-বাবা কিংবা যোগ্য অভিভাবকহীন, সুবিধাবঞ্চিত শিশুদের লালন-পালন করা হয়। এখানে থেকেই তারা বাইরের বিদ্যালয়ে পড়তে যায়। এসএসসি পর্যন্ত শিশুরা এখানে বেড়ে ওঠে। বর্তমানে ৭৬ জন শিশু রয়েছে এ হোমে।হোম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া জানান, পড়ালেখার পাশাপাশি এখানে শিশুদের খেলাধুলা, গান, নাচ, আবৃত্তি, চারুকলা এবং কারাতের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। অনেকে বিদেশে গিয়েও প্রতিযোগিতায় অংশ নেয়।চারজন আবাসিক শিক্ষক রয়েছেন হোমের শিশুদের পড়ালেখা এবং দৈনন্দিন কাজ পর্যবেক্ষণের জন্য। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আছেন ছয়জন অভিজ্ঞ শিক্ষক। আছেন একজন কম্পিউটার শিক্ষকও।সাংস্কৃতিক দল: ফুটবল, ভলিবল, ক্রিকেট খেলার পাশাপাশি এখানে চর্চা হয় লোকজ খেলাধুলা। আছে ৩৫ সদস্যের সাংস্কৃতিক দল। টেলিভিশন, বেতার, জাতীয় নাট্য উৎসব, চট্টগ্রাম উৎসবসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় তারা। উপজাতীয় রূপকথার গল্প ‘লফা’, ‘শিকার’, ‘অঙ্গীকার’, ‘আমরা বন্ধু’, ‘খাঁচা’, ‘রাজপুত্রের অভিযান’, ‘অবাগ জলপান’সহ ১০টি নাটিকা এ দলের সদস্যরা বিভিন্ন স্থানে প্রায় ৫০০ বার মঞ্চস্থ করেছে। সাংস্কৃতিক দলের সদস্য নিলয় বড়ুয়া যোগ দেন ডেনমার্কে জাতীয় নাট্য উৎসবে। কারাতে প্রশিক্ষণ: প্রতি বৃহস্পতি ও শুক্রবার এখানে চলে কারাতে প্রশিক্ষণ। এ দলে আছে প্রায় ৭০ জন শিশু। এ পর্যন্ত মার্শাল আর্টে কালো বেল্ট পেয়েছে ১০ জন। এ দলের সদস্য এবং মার্শাল আর্টে কালো বেল্ট পাওয়া একাদশ শ্রেণীর ছাত্রী ঞোনাই চাক্ নৃত্য, গান, নাটক এবং ফুটবলেও সমান পারদর্শী।২০০৯ সালে ভারতের গুজরাটে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ওয়াদোখাই কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিয়ে নেপাল-শ্রীলঙ্কার সঙ্গে খেলে স্বর্ণ জেতে ঞোনাই। গত বছর সাফ গেমসে অংশ নিতে সেখানে প্রায় এক বছর প্রশিক্ষণ নেয় সে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গেমস শুরুর এক সপ্তাহ আগে তাকে দেশে চলে আসতে হয়। দুঃখ করে বলে, ‘ভাগ্য খারাপ, তাই সাফ গেমসে অংশ নিতে পারিনি। ভবিষ্যতের জন্য চেষ্টা চালিয়ে যাব।’এসএ গেমসে স্বর্ণপদক: পরিবারে আর্থিক অনটনের কারণে ছয়-সাত বছর বয়সেই অনাথ আশ্রমে আসে পাহাড়ি মেয়ে জউ প্রু ও উসাইনোকে। নাচ, গান, খেলাধুলা, মার্শাল আর্টের প্রতি তাদের ছিল প্রবল আগ্রহ। দক্ষিণ এশীয় গেমসে কাতা ইভেন্টে স্বর্ণপদক জিতে সেই আগ্রহের স্বীকৃতিও পেয়েছে তারা। জউ প্রু ব্যক্তিগত ও যৌথ কাতা ইভেন্টে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে দুটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক জেতে।উৎসবে আলোকিত মানুষ: সাপ্তাহিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান ছাড়াও দুই বছর পরপর এখানে শিশু উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশবরেণ্য ব্যক্তিরা। ২০০৮ সালে উৎসবে যোগ দেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা মনিকা ইউনূস। এ ছাড়া বিভিন্ন সময় হোম পরিদর্শনে আসেন প্রয়াত কবি হুমায়ূন আজাদ, নাট্যকার মমতাজ উদ্দিন আহমদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, শিল্পী অলক রায়সহ অনেকে।খরচের উৎস: হোমের হিসাব বিভাগের কর্মকর্তা তুহিন বড়ুয়া জানান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সব মিলিয়ে বছরে খরচ হয় প্রায় ২৫ লাখ টাকা। এর সিংহ ভাগ জোগান দেন হোমের প্রতিষ্ঠাতা ফাদার পিয়াট্রো লুইজি লুপি। সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে বছরে অনুদান আসে প্রায় ৭০ হাজার টাকা। এ ছাড়া কিছু অর্থ আসে হোমের নিজস্ব পোলট্রি ও ডেইরি খামার এবং একটি পিকআপের আয় থেকে।প্রতিষ্ঠাতার কথা: ফাদার পিয়াট্টো লুইজি লুপি বলেন, ‘নিয়মিত চর্চা এবং সদিচ্ছা থাকলে অসহায় শিশুরাও শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব করতে পারে—এখানকার শিশুরাই তার উদাহরণ। আমার মেয়েরা দেশের বাইরে গিয়ে যখন এ দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনে, তখন গর্বে আমার বুক ভরে যায়।’রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধা এবং মনোরম পরিবেশে অপূর্ব স্থাপত্যশৈলীতে নির্মিত হোমটিকে এক কথায় রামুর আলোকিত প্রতিষ্ঠান বলা যায়। এ হোম পরিদর্শন করে আমি সত্যিই অভিভূত।’