জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইবার সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল গড়িয়ে দুপুর। শীতের তীব্রতা কমে সূর্যের তাপ বাড়ছে ধীরে ধীরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের পাঁচ তলার একটি কক্ষে গিয়ে দেখা গেল কম্পিউটারের সামনে গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন কয়েকজন শিক্ষার্থী। কম্পিউটারের মাউসে হাত রেখে বিশ্বের অলিগলিতে বিচরণ করছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ে ১১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের ইন্টারনেট-সুবিধার জন্য চালু করা হয়েছে নতুন এই সাইবার সেন্টারটি। নতুন ভবনের একটি আলাদা কক্ষে ৩০টি কম্পিউটারের সমন্বয়ে এই সাইবার সেন্টারটি। শুরু হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা এসে ভিড় করছেন এখানে। এর আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের কোনো মাধ্যম ছিল না। ফলে বিভিন্ন সময়েই এখানকার শিক্ষার্থীরা এই সুবিধা থেকে অনেক পিছিয়ে ছিল। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই সাইবার সেন্টারটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের সহকারী প্রোগ্রামার মানতাহা মনি জানান, ‘এই সাইবার সেন্টারে শিক্ষার্থীরা ইন্টারনেট-সুবিধা পেতে চাইলে ৫০ টাকা দিয়ে একটি কার্ড বানিয়ে নিতে হবে। এই কার্ড দিয়ে একজন শিক্ষার্থী একদিনে দুই ঘণ্টা করে ইন্টারনেট-সুবিধা পেতে পারে। প্রতি ঘণ্টা ইন্টারনেট ব্যবহারের জন্য শিক্ষার্থীদের কার্ডের অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা করে খরচ হবে।’সাইবার সেন্টারটি সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকবে। এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাদেকা সুলতানা বলেন, ‘আমাদের পড়াশোনার বিভিন্ন বই বাজারে সহজে পাওয়া যায় না। এ ক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নিতে হয়। আবার বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের কাজেও ইন্টারনেটের সাহায্য নিতে হয়। এই সাইবার সেন্টারটির চালু হওয়ার ফলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক উপকার হবে।’বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আর এক শিক্ষার্থী খোরশেদ আলম বলেন, ‘পড়াশোনার কাজে আমাদের সব সময়ই ইন্টারনেট দরকার হয়। আগে এ জন্য আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হতো। কিন্তু সাইবার সেন্টারটি চালু হওয়ার পর ইন্টারনেট-সুবিধা পাচ্ছি হাতের কছে। এখন আর ইন্টারনেট নিয়ে সমস্যায় পড়তে হবে না।নতুন চালু হওয়া সাইবার সেন্টারটি চালু হওয়া বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সাইবার সেন্টারটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় একটি নতুন সংযোজন। ইন্টারনেটের মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা সব বিষয়ের সর্বশেষ তথ্য জনতে পারবে। ই-মেইল, ইন্টারনেট ব্রাউজিংসহ বিভিন্ন সুবিধা পড়াশোনার ক্ষেত্রে অনেক সহায়ক হবে।’ক্রমান্বয়ে সাইবার সেন্টারের আরও সুবিধা বড়িয়ে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার আরও সহজ করা হবে বলে জানান মেসবাহ উদ্দিন আহমেদ।সময় গড়াতে গড়াতে নতুন সাইবার সেন্টারে শিক্ষার্থীদের ভিড় বাড়তেই থাকে। হাতের নাগালে ইন্টারনেট পেয়ে তাঁদের চোখ-মুখে যেন রাজ্যের আনন্দ এসে ভিড় করছে!