যে ভবনটি ছবিতে দেখা যাচ্ছে, এটি একসময় এখানে ছিল না। এখানে ছিল একটি টিভি রুম। এই জায়গাটিতেও সেদিন এমন হাসিমাখা ভোর হয়নি। শত শত ছাত্রের করুণ আর্তচিৎকার আর ধ্বংসাবশেষ ছিল এই জায়গাটায়। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ধসে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুদ্বৈপায়ন ভবনটি আজ ‘অক্টোবর স্মৃতি ভবন’।সেই রাতের দুঃসহ স্মৃতিকথা শুনতে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক-উপনিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তীর কাছে। হিমাদ্রি শেখর চক্রবর্তী তখন জগন্নাথ হলের প্রথম বর্ষের ছাত্র। থাকতেন অনুদ্বৈপায়ন ভবনে। ‘সেদিন রাত আটটা ৩০ মিনিট থেকে নয়টার মধ্যে টিভিকক্ষে ঢুকেছিলাম শুকতারা নাটক দেখার জন্য। হঠাৎ দেখি ছাদ ভেঙে পড়ছে। পুরোপুরি বুঝতে না-বুঝতেই টিভিরুমের ছাদও ভেঙে পড়ল। জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরে এল, তখন দেখলাম একটা রড আমার হাতের ভেতর ঢুকে আছে। শরীরটা চাপাপড়া। উদ্ধারকর্মীরা এসে হাতের মাংস কেটে রড বের করে আমাকে হাসপাতালে পাঠাল। ওখানে দেখি শত শত মানুষের আর্তচিৎকার।’ এভাবে বলতে বলতেই বেশ ভারী হয়ে এসেছিল হিমাদ্রি শেখর চক্রবর্তীর গলা।সেদিন হিমাদ্রির মতো অনেকে বেঁচে গেলেও প্রাণ হারিয়েছিল ৩৯টি তরতাজা প্রাণ; যার মধ্যে ২৫ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র আর ১৪ জন অতিথি।নিহত ব্যক্তিদের বহু স্মৃতির সন্ধান মিলবে এই অক্টোবর ভবনের নিচতলায়। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর নিহতদের বেশ কিছু ব্যবহূত জিনিসপত্র, ছবি আজও তাঁদের কথা বলে। যে টিভিরুমটির কথা বলা হলো, সেই টিভিরুমের টিভিটিও আছে সযত্নে সংগৃহীত। অক্টোবর ভবনের সামনে যে ছোট সৌধটি স্থাপন করা হয়েছে, সেখানে রয়েছে ৩৯ জনের নামফলক।‘অক্টোবর স্মৃতি ভবন’ থেকে বের হতে হতে কথা হলো জগন্নাথ হলের পূর্ববাড়ির আবাসিক ছাত্র মিঠুন কুমারের সঙ্গে। তাঁর কাছে জানা গেল জগন্নাথ হলের উত্তরবাড়ি, পূর্ববাড়ি, দক্ষিণবাড়ির অবস্থাও খুব একটা সুবিধার নয়। জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা এখানে রাত কাটাচ্ছেন। ঝুঁকিপূর্ণ কি শুধুই জগন্নাথ হল? এ কৌতূহলের সমাধান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খানের অনুমতি নিয়ে ঘুরে দেখা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ বেশ কয়েকটি হল।১৯৬০ সালে নির্মিত সূর্য সেন হলের ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও সেখান থেকে সরানো হয়নি আবাসিক ছাত্রদের। এই হলের আবাসিক ছাত্র সৈয়দ আশিক বলেন, ভাঙা দেয়াল, ফাটা ছাদের কার্নিশ আর পিলারের বের হয়ে থাকা রডগুলো এই হলের ছাত্রদের রাতের নিশ্চিত ঘুম হারাম করে দেয়।হাজী মুহম্মদ মুহসীন হলের প্রবেশপথের ওপরের দিকে তাকালে ভয় পাবেন যে কেউ। ফাটা দেয়ালগুলো শুধু সিমেন্ট দিয়ে খুব আলগোছে মুছে দেওয়া হয়েছে, যা ক্ষণিক ব্যবস্থাপনা ছাড়া কিছুই নয়। আবাসিক ছাত্র মহিউদ্দিন মাহি বলেন, তাঁদের এই হলের বহু ঝুঁকিপূর্ণ স্থান খুব হালাকাভাবে সিমেন্ট দিয়ে বন্ধ করে রং করা হয়েছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিপদ। রোকেয়া হলের ঝুঁকিপূর্ণ ভবন দেখতে গিয়ে জানা গেল, সেখান থেকে মেয়েদের সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ ঘোষণার কিছুদিনের মধ্যেই। রোকেয়া হলের প্রভোস্ট লায়লা নূর ইসলাম বলেন, জীবনের চেয়ে মূল্যবান কিছুই নেই। তাই তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রীদের সহযোগিতায় এ কাজটি করেছেন।রোকেয়া হলের এ দৃষ্টান্তের বিষয়টি নিয়ে কথা হয় জগন্নাথ হলের প্রভোস্ট অজয় কুমার দাসের সঙ্গে। তিনি জানান, জগন্নাথ হলে একটি আটতলা নতুন ভবনের নির্মাণকাজ চলছে। পাঁচতলা পর্যন্ত কাজ প্রায় শেষ। এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের মার্চের দিকে ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে সব ছাত্রকে সরিয়ে নেওয়া হবে।শুধু এই হলগুলো নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, জহুরুল হক হলের কিছু অংশসহ রেজিস্ট্রার বিল্ডিংয়ের দেয়ালেও ফাটল দেখা গেছে। এসব অবস্থা নিয়ে কথা হলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ঝুঁকিপূর্ণ ভবনসহ সব ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নির্মাণের পরিকল্পনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে নতুন দুটি হলও। অতি দ্রুততার সঙ্গে এ সমস্যার সমাধান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।১৯৮৫-র জগন্নাথ হল দুর্ঘটনায় আহত প্রবীর কুমার সরকার ও বিপুল কুমার সাহার চাওয়া একটাই, ‘আর কোনো “অক্টোবর ট্র্যাজেডি”র শিকার হয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকেও হারাতে চাই না।’