‘ক্লাস টেস্ট কবে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন কবে বা কাল কি কোনো পরীক্ষা আছে?’ হয়তো এক দিন যাওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ে, ব্যস, তৈরি হয়ে গেছে দূরত্ব। কিন্তু এখন আর এসব বিষয় নিয়ে চিন্তিত নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা এখন খুব সহজেই জানতে পারেন তাঁদের প্রয়োজনীয় তথ্যাদি। তাও আবার ঘরে বসেই শুধু একটা খুদে বার্তার মাধ্যমে। যেকোনো শিক্ষার্থী তাঁর মুঠোফোন থেকে infomkt লিখে ৭১৭১ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি খুদে বার্তায় জানতে পারবেন উত্তর। তাঁদের জন্য এই সুযোগ বয়ে এনেছে জান্নাতুল ইসলাম ও আনিসুল ইসলাম। জান্নাতুল ইসলামের বাড়ি পিরোজপুরে আর আনিসুলের নোয়াখালীতে। দুজনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী। ১৯ মে, ২০১০ বিজনেস ক্লাবের পক্ষ থেকে চতুর্থ ব্যাচের নবীনবরণ উৎসব পালিত হয়। সব শিক্ষক, শিক্ষার্থী এবং উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদও ছিলেন সেখানে। হঠাৎ করে জান্নাতুল ও আনিসুল মঞ্চে এসে ঘোষণা করে এই বিষয়টি। সবাই তো রীতিমতো অবাক।এর আগে ১৫ ফেব্রুয়ারি বিভাগের উদ্যোগে চতুর্থ ব্যাচের নবীনবরণ ছিল মার্কেটিং বিভাগের। সেদিন জান্নাতুল সবার সঙ্গে হাত মেলাচ্ছিলেন আর বলছিলেন, ‘আমি রাহাদ, তোমার নাম?’ (জান্নাতুলকে বন্ধুরা রাহাদ নামেই চেনে)। এই করতে করতে যখন এল আনিসুলের কাছে, তখন তাঁর কথাবার্তা ভালো লেগে যায় জান্নাতুলের। এরপর আর কী, গড়ে ওঠে বন্ধুত্ব। আর শুরু হয় দুই বন্ধু মিলে ভালো কাজ করার প্রচেষ্টা।‘একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খুদে বার্তার মাধ্যমে খবর জানানোর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে এবং এ জন্য কেবল একটি সিমকার্ড লাগবে। তখনই পিরোজপুরে জেলাভিত্তিক সাংস্কৃতিক সংবাদ চালু করি। সেটা এখনো কাজ করে যাচ্ছে।’ নিজেদের পথপরিক্রমা ব্যাখ্যা করছিলেন জান্নাতুল। জান্নাতুল বলেন, ‘এরপর যখন বিশ্ববিদ্যালয়ে এলাম, তখন এমন কিছু করতে চাইছিলাম, যা দিয়ে আমাদের যোগ্যতা প্রকাশ পাবে। আনিসুলের সঙ্গে এই বিষয়ে কথা বলি। এসএমএস খবর দিয়ে আমাদের এই পথযাত্রার শুরু মাত্র।’ তাঁর সঙ্গে যোগ দিয়ে আনিসুল বলে উঠলেন, ‘আমরা বিভাগের যখন যে নতুন খবর জানতে পারি, তা আবার খুদে বার্তায় জানিয়ে দিই একটি কোম্পানিতে। যখন বিভাগের অন্য কোনো বন্ধু ৭১৭১ নম্বরে এসএমএস করে, আমাদের দেওয়া সর্বশেষ খবরটা ফিরতি এসএমএসে পেয়ে যায়।’এ কাজে কতটা সময় দিতে হয়? আনিসুল বলেন, ‘যেহেতু নতুন নতুন খবর সব সময় দিতে হয়, তাই বিভাগের সব খবরই আমাদের জানতে হয়। এ জন্য অনেকক্ষণ ক্যাম্পাসে থাকতে হয়। তবে আমাদের বন্ধু এবং শিক্ষকেরাও এই বিষয়ে আমাদের যথেষ্ট সহায়তা করেন।’ রাহাদ তাঁর শিক্ষক ও সহযোগী সব বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তাঁরাও অনেক সময় খবর জানিয়ে দেন আমাদের।’ রিজু, আরিফ, জেরিন, অনিক, রুম্মান, ফেরদৌসী, নীপা বা ঝরনা সবাই খুশি এই সুবিধা পেয়ে। তাঁরা সহযোগিতাও করছেন যথেষ্ট। শিক্ষকেরাও গর্বিত এই দুই সন্তান পেয়ে। ইমরানুল হক, মাহাথি হাসান ও মাহমুদুল হাসান সহায়তা করছেন তাঁদের। আর যাঁর কথা না বললেই নয়, তিনি হচ্ছেন এই বিভাগের চেয়ারম্যান বখতিয়ার রানা। তিনি বলেন, ‘ রাহাদ ও আনিসুল আমাদের বিভাগকে অনেক উঁচুতে নিয়ে গেছে। হয়তো অন্যান্য বিভাগও এটা শুরু করবে।’বাজে কথাও কম শুনতে হয়নি জান্নাতুল আর আনিসুলকে। কেউ কেউ বলেছেন, ‘আজাইরা (অর্থহীন) কাজ করছে।’ এর পরও তাঁরা থেমে থাকেননি। তাঁরা নিজেদের বিভাগকে আরও উন্নত দেখতে চান। তাঁরা একটি বিভাগভিত্তিক ওয়েবসাইট করতে চান। সেখানে সব তথ্য একসঙ্গে পাওয়া যাবে। যেটা ব্যবহার করলে যে কেউ মনে করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগেই বসে আছেন। এই স্বপ্নটাই তাঁরা এখন লালন করছেন বুকের ভেতরে।