জগে জল পান
টেবিলে সবকিছু পরিপাটি করে সাজানো। গ্লাস, প্লেট, চামচদানিতে ঝকঝকে চামচ, বাহারি টেবিল ম্যাট। কিন্তু এ সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে এককোনায় রাখা প্লাস্টিকের পানির বোতলটি। কমিয়ে দিচ্ছে খাবার ঘরের সৌন্দর্যকেও। কিন্তু বোতলের জায়গায় নান্দনিক একটা জগ রাখলেই খাবার টেবিলের সৌন্দর্য বেড়ে যেত বহুগুণ।একসময় বাড়িতে নান্দনিক পানির জগ ব্যবহারের রেওয়াজ ছিল। ধীরে ধীরে আধুনিকায়ন ও সহজলভ্য হওয়ার সুবাদে সে স্থানটি দখল করে নিয়েছে প্লাস্টিক এবং কাচের বোতল। ইদানীং বাজারে পুরোনো সেই পানির জগকেই দেখা যাচ্ছে নতুন রূপে নতুন নকশায়।বাজার ঘুরেপুনরায় ব্যবহার করা (রিসাইকেল) কাচের ওপর নকশা করা বাহারি জগ দেখা গেল যাত্রায়। অন্যান্য কাচ থেকে এ কাচটিকে আলাদা করে তোলে এর হালকা শ্যাওলা রঙের আভা। যাত্রার ডিজাইনার উর্মিলা শুক্লা জানান, ফেলে দেওয়া বিভিন্ন বোতল থেকেই এ ধরনের জগ তৈরি করি। শুধু পানি পরিবেশনের জন্যই নয়, ফুলদানি অথবা অন্যান্য জিনিস রাখার ক্ষেত্রেও রিসাইকেল গ্লাসের তৈরি জগগুলো বেশ কাজে দেয়। ফ্যাশন হাউস অরণ্য ঘুরে দেখা গেল নান্দনিক পানির জগ। তাদের দোকানের ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন জানালেন, অরণ্যে রিসাইকেল করা কাচ এবং কাদামাটির তৈরি পানির জগ আছে। গাজীপুরের মাওনা এলাকা থেকে বিশেষভাবে রিসাইকেল গ্লাসের তৈরি বড় ও মাঝারি আকারের জগগুলো আনা হয়। আড়ংয়ে সিরামিকের তৈরি রং-বেরঙের পানির জগগুলো বেশ নজর কাড়ে। এ জগগুলো আকারে লম্বাটে। কোনোটায় নীল-সাদা স্ট্রাইপ, কোনোটায় আবার হালকা ফুলেল নকশা। নিউমার্কেট ঘুরে পানির জগের আলাদা চিত্র দেখা গেল। গ্লাস, ক্রিস্টালও প্লাস্টিকের তৈরি পানির জগগুলোই সাধারণত এ বাজারে জায়গা দখল করে আছে। প্লাস্টিকের একরঙা পানির জগগুলোও বেশ আকর্ষণীয়। ক্রিস্টালের খাঁজ কাটা নকশা যেমন চোখ ধাঁধিয়ে দেয়, তেমনই কাচের ওপর করা হালকা নকশা মন ভরিয়ে দেয়। দামও নাগালের ভেতরে। ক্রিস্টালের জগগুলো কিছুটা দামি। ২০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। বাকিগুলোর দাম পড়বে ৫০০-৬০০ টাকা। ব্যবহারেই সৌন্দর্যক্লে ইমেজের আলংকারিক রেহানা আক্তার জানান, সিরামিক ও স্টোন ওয়ারের তৈরি পানির জগগুলো ওভেন এবং ডিশওয়াশার নিরোধক হয়। তা ছাড়া এ জগগুলোতে ঠান্ডা ও গরম পানীয় বহন করা যায় সহজেই।তবে পানির জগগুলোর সৌন্দর্য বেড়ে যায় কিছু বাড়তি উপাদান ব্যবহারে। পাট অথবা ক্রুশ কাটার ঢাকনা দিয়ে জগের ওপরের অংশ ডেকে রাখতে পারেন। ময়লাও পড়বে না এবং বাড়তি সৌন্দর্যও যোগ হবে। জগের রঙের সঙ্গে মিলিয়ে টেবিল ম্যাটের ওপরও রাখতে পারেন। রিসাইকেল গ্লাস দিয়ে তৈরি জগগুলোতে পরিয়ে দিন পাটের তৈরি আবরণ। পানির জগের চারপাশে ঘুরিয়ে রাখা যায় কিছু গ্লাস। দেখতে ভালো লাগবে। রেহানা আক্তার জানান, সিরামিকের জগের সঙ্গে এক রঙের গ্লাস রাখা যায়। এ ছাড়া কাচের স্বচ্ছ গ্লাসও মানাবে। খারাপ লাগবে না সিরামিকের গ্লাসও। টেবিলের পাশে আলাদা ট্রলিতে পানির জগ এবং গ্লাসের পরিবেশন বেশ আকর্ষণীয় হয়। এমনটি জানালেন রান্নাবিদ রাহিমা সুলতানা। স্বচ্ছ পানির জগে পানি ছাড়াও বিভিন্ন রঙের শরবত পরিবেশন করতে পারেন। দেখতে ভালো লাগবে।