জগৎটাকে জয় করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই হাজার শিক্ষার্থীর জগৎটাকে জয় করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো মিরসরাইয়ের ইন্টারনেট উৎসব। ৮ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুটি কলেজ ও নয়টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই দিন মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে মিলিত হয়েছিল। সকাল ১০টায় পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে চলার শপথবাক্য পাঠ করান বন্ধুসভা বিশেষ টিমের সদস্য বিবর্ধন রায়।উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দে বলেন, ‘এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। ইন্টারনেট নিয়ে একটি উৎসব হতে পারে এই ধারণা আমার ছিল না।’ তিনি এ ধরনের উদ্যোগের জন্য প্রথম আলোর সম্পাদকের প্রতি ধন্যবাদ জানান। বিশেষ অতিথি অধ্যাপক জামশেদ আলম বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে অনেক উন্নয়নশীল দেশের তুলনায় আমাদের দেশ পিছিয়ে। গ্রামীণফোন-প্রথম আলোর এই উদ্যোগের ফলে সেই অভাব কিছুটা হলেও দূর হবে বলে আশা করছি।’গ্রামীণফোন চট্টগ্রামের আঞ্চলিক (সেলস) ব্যবস্থাপক জহির রায়হান বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে তথ্যপ্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান থাকা জরুরি। এই উৎসবের মধ্যদিয়ে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের নানা সুবিধা সম্পর্কে জানতে পারবে।’ প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর প্রচণ্ড গরম উপেক্ষা করে উৎসবে অংশ নেওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের ধন্যবাদ জানান।উৎসবে মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় ছাড়াও মিরসরাই ডিগ্রি কলেজ, নিজামপুর কলেজ, সরকারহাট এন আর উচ্চবিদ্যালয়, নিজামপুর মোসলিম উচ্চবিদ্যালয়, খইয়াছড়া উচ্চবিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়, মিঠাছড়া উচ্চবিদ্যালয়, বিশ্বদরবার উচ্চবিদ্যালয়, মজহারুল হক উচ্চবিদ্যালয় ও জেবি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো বন্ধুসভা, মিরসরাই ইউনিটের সদস্যরা।‘দেখব এবার জগৎটাকে’ স্লোগানে উৎসবের মূল আকর্ষণ ছিল আই-জিনিয়াস কুইজ প্রতিযোগিতা। এতে আই-জিনিয়াস নির্বাচিত হয় সরকারহাট এন আর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. আবির চৌধুরী। আবির সরকারহাট সরকারবাড়ির দিদারুল মাওলা চৌধুরী ও আঞ্জুমান আরা চৌধুরীর সন্তান।অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবির বলে, ‘আজ খুব ভালো লাগছে। দুই বছর আগে থেকে ভাই সোহেল ও বোন অনকা চৌধুরীর সহযোগিতায় ইন্টারনেট ব্যবহার করছি। এখন যে আশা নিয়ে এই উৎসবে এসেছি তা পূর্ণ হয়েছে।’ পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত উৎসবেও ভালো ফলাফল করার আশা আবিরের। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা ‘আমরা করব জয়’ গানটি দিয়ে উৎসবের সমাপ্তি টানেন।