জঙ্গল থেকে অজগর নেমে এল রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর সৈনিকেরা তখন সকালের রুটিন অনুযায়ী ভাটিয়ারী ১ নম্বর ফায়ার রেঞ্জ মাঠে প্রাত্যহিক শরীরচর্চা করছিলেন। শরীরচর্চার শেষপর্যায়ে সকাল আটটার দিকে হঠাৎ পাশের বন থেকে একটি অজগর নেমে আসতে দেখেন একজন সৈনিক। মাঠ পেরিয়ে রাস্তায় উঠে আসে অজগরটি। পরে বিশাল এই সাপ আটক করেন সৈনিকেরা। গত মঙ্গলবার সকালে ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এলাকা থেকে অজগরটি ধরা হয়। বিকেলে এটিকে চট্টগ্রাম চিড়িয়াখানা হেফাজতে দেওয়া হয়। এর আগে সেনাসদস্যরা অজগরটি ধরে তাঁদের ক্যানটিনে নিয়ে রাখেন। সেখানে এটির ওজন ও উচ্চতা মাপা হয়। অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট। ওজন এক মণের কাছাকাছি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সৈনিক মোশারফ হালদার বলেন, ‘আমরা ব্যায়াম করার সময় দেখি, জঙ্গল থেকে একটি অজগর নেমে আসছে। পরে সেটি মাঠ পেরিয়ে রাস্তায় উঠে পড়ে। মানুষের ক্ষতি করতে পারে ভেবে আমরা কয়েকজন মিলে সাপটিকে গাছের লতা দিয়ে পেঁচিয়ে ধরি।’খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে নেমে আসে বলে সৈনিকেরা ধারণা করছেন। তবে টানাহেঁচড়ার সময় অজগরটির বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ফয়’স লেকে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মঞ্জুর মোরশেদ বলেন, ‘বিএমএ কর্তৃপক্ষ বিকেল চারটার দিকে ফোন করে অজগর আটকের সংবাদ দেন। এর পর আমরা লোক পাঠিয়ে অজগরটি নিয়ে আসি।’