খাগড়াছড়ির দীঘিনালার শুকনাছড়ির পাহাড় থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে জঙ্গলে জঙ্গলে স্তূপ করা হয়েছে। একটি আঞ্চলিক সংগঠনের বাধার কারণে পাচার করতে না পেরে উত্তোলনকারী ব্যক্তিরা পাথরগুলো জঙ্গলেই ফেলে রেখেছে। ২০১০ সালে পানি উন্নয়ন বোর্ড শুকনাছড়ির স্থানীয় পাথরগুলো নদীভাঙন রোধে ব্যবহার করতে চাইলে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের প্রতিবেদনে পাথরগুলো ব্যবহারের উপযোগী নয় বলে প্রতিবেদন দেয়। উপজেলার বাঘাইহাট পাকা সড়ক থেকে শুকনাছড়ির সমরঞ্জন কার্বারিপাড়া পর্যন্ত গিয়ে দেখা যায়, জঙ্গল পরিবেষ্টিত বিভিন্ন স্থানে বড় বড় পাথরের স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় আদিবাসীরা জানান, গত কয়েক মাস আগে শ্রমিকদের দিয়ে পাহাড় থেকে এসব পাথর সংগ্রহ করা হয়েছে। প্রথমদিকে ভ্যানগাড়ি দিয়ে পাথর পাচার করা হলেও পরে আঞ্চলিক একটি সংগঠনের বাধার কারণে পাথরপাচার বন্ধ হয়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অমিয় বিকাশ চাকমা জানান, খাগড়াছড়ির দুজন ব্যবসায়ী (নাম জানাতে পারেননি) শুকনাছড়ির পাহাড় থেকে শ্রমিক দিয়ে পাথরগুলো উত্তোলন করেছে। দীঘনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন জানান, ২০১০ সালে থানা বাজারসংলগ্ন মাইনী নদীভাঙন রোধে স্থানীয় পাথর ব্যবহারের চেষ্টা করা হয়। তখন পরিবেশ সংগঠনের আন্দোলনের কারণে পানি উন্নয়ন বোর্ড স্থানীয় পাথর আর ব্যবহার করতে পারেনি। শুকনাছড়ি এলাকায় পাহাড় থেকে পাথর সংগ্রহ যারাই করে থাকুক তাদের বিরুদ্ধে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম জানান, শুকনাছড়ির পাথরগুলো ছড়ার পাথর নয়, পাহাড়ের পাথর। এগুলো ব্যবহার অনুপযোগী এবং পাথর উত্তোলন করলে পাহাড়ের ক্ষয় হবে বলে প্রতিবেদন দেওয়া হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘শুকনাছড়ি এলাকার পাহাড় থেকে পাথর উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে পাহাড় থেকে পাথর উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’