কক্সবাজারে ২০ কলেজে প্রথম বর্ষে ভর্তি ১০ হাজার
জঙ্গি ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে নবীন শিক্ষার্থীদের শপথ
‘ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী। শিক্ষার্থীদের জঙ্গি বানানোর পাঁয়তারা চলছে। এ ব্যাপারে আমরা সচেতন আছি। জঙ্গি আর মাদকমুক্ত কলেজ ক্যাম্পাস গড়তে সবাই মিলেমিশে কাজ করে যাব।’
১১ জুলাই সকালে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এসব কথা বলে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেন। ১০ জুলাই থেকে নবীন শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে জেলার বিভিন্ন কলেজে। এবার জেলার ২০টি কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে ১০ হাজার শিক্ষার্থী।
কক্সবাজার সরকারি কলেজের প্রথম বর্ষ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলে, ‘১০ জুলাই প্রথম কলেজ ক্যাম্পাসে পা রাখলাম। পরিচিতি ক্লাসেই জঙ্গি আর মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার ব্যাপারে শিক্ষকদের তাগিদ পেয়েছি। বাংলাদেশকে সুন্দর রাখতে হলে জঙ্গি তৎপরতা প্রতিরোধ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা রাখা জরুরি।’
এই কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘১০ জুলাই নবীন শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস হয়েছে। সারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের শপথ করানো হয়েছে। এই সরকারি কলেজে এবার প্রথম বর্ষে ভর্তি হয়েছে ৮৭০ জন। এর মধ্যে বিজ্ঞানে ৩৩০, বাণিজ্যে ৩৩০ ও মানবিকে ২১০ জন। কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার।
এদিকে কক্সবাজার সিটি কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে মানবিকে ৫৩৫, বাণিজ্যে ৫৫৩ ও বিজ্ঞানে ১৬১ জন। কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত হাজার।
কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, ১০ জুলাই প্রথম ক্লাসেই শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষে এ কে ফারুক আহমদ বলেন, তাঁরাও ১১ জুলাই সমাবেশ করে ছাত্রীদের জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
চকরিয়া বদরখালী কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, এবার এই কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে ৩৫১ জন শিক্ষার্থী। সবাইকে জঙ্গিবাদ প্রতিরোধে সতর্ক করা হয়েছে।
এ ছাড়াও টেকনাফ ডিগ্রি কলেজ, রামু কলেজ, উখিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ, উখিয়া কলেজ, চকরিয়া কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, কুতুবদিয়া কলেজ ও মহেশখালী কলেজে নবীন শিক্ষার্থীদের জঙ্গিবাদ প্রতিরোধে সতর্ক করা হয়েছে।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘ছেলেমেয়েরা নিয়মিত কলেজে যাচ্ছে কি না, তা দেখার দায়িত্ব মা-বাবার। কোনো কারণ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিন অনুপস্থিত থাকলে আমরা ওই শিক্ষার্থীদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেব। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ উদ্ঘাটন করবে। এ ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করা হচ্ছে।’