কক্সবাজারে ইকবাল সোবহান চৌধুরী
জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে 'মিডিয়া আওয়ার' ঘোষণা করতে হবে
প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ‘মিডিয়া আওয়ার’ ঘোষণা করতে হবে। অন্যথায় গণতন্ত্র টিকিয়ে রাখা কঠিন হবে। দেশের সব প্রতিকূল পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করে আসছেন।
১ ডিসেম্বর বেলা দুইটায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ছবি যত সহজে ঘটনা এবং বিষয়বস্তুকে জীবন্ত করে তুলতে পারে, ভাষা তেমনটা পারে না। তিনি ওয়েজ বোর্ডে ফটো এডিটরের পদ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, হিন্দু-মুসলিম মৈত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এনায়েত করীম, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর প্রমুখ।
বক্তব্য দেন মীর আহম্মদ, রফিকুর রহমান, মনজুর কাদের, মনজুরুল আলম, মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম, এস এম জাফর প্রমুখ।
অনুষ্ঠানে অশোক চৌধুরী, কাজী নওরক হোসেন, মো. লুৎফুর রহমান, মো. সালাউদ্দিনকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হয়।