জঙ্গিদের কোনো আইনি সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কক্সবাজারের আইনজীবীরা। গত ২৮ আগস্ট জেলা আইনজীবী সমিতি আয়োজিত জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।
জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জঙ্গি হামলায় যাদের মৃত্যু হয়েছে, তাদের লাশ এখনো পড়ে আছে। স্বজনেরা লাশ নিতে আসছে না। জঙ্গিদের মানুষ ঘৃণা করে।
বক্তারা আরও বলেন, মানুষ হত্যা কোনো ধর্মে স্বীকৃত নয়। দেশে যেসব জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, তাতে ক্ষমতার বাইরে থাকা শক্তির ইন্ধন রয়েছে। শুধু খুনিরা নয়, তাদের সহযোগীরাও সমান অপরাধী।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সমিতির অপর সভাপতি মোহাম্মদ ইছহাক, সাধারণ সম্পাদক আ জ ম মঈনুদ্দিন, আইনজীবী মুহাম্মদ নুরুল ইসলাম, মমতাজ আহমদ, ফরিদুল আলম, ফজলুল হক, সোলতানুল আলম, খাইরুল আমিন, রুহুল আমিন চৌধুরী, উজ্জ্বল দাশ, শামসুদ্দিন, নাজিম উদ্দিন, মো. রাশেদ, সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।