জঙ্গিদের দখলে ইরাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিরা দখল করার পর ইরাকের মসুল শহর থেকে পালিয়ে যাচ্ছে লোকজন
জঙ্গিরা দখল করার পর ইরাকের মসুল শহর থেকে পালিয়ে যাচ্ছে লোকজন

‘নরক গুলজার’ বলে একটা কথা আছে। ইরাকে এখন সুন্নি জঙ্গিরা মিলে তা-ই করছে। মসুল, তিকরিত, তাল আফারসহ উত্তরাঞ্চলীয় বড় বড় শহরের সিংহভাগ এলাকা দখল করে এই জঙ্গিরা এখন বাগদাদের দিকে সদর্পে ধেয়ে চলেছে।
গত মঙ্গলবার বাগদাদ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের শহর বাকুবায় ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গিদের প্রচণ্ড লড়াইয়ের খবর প্রকাশিত হয়। এর আগের দিন জঙ্গিরা প্রতিবেশী দেশ সিরিয়ায় যাওয়ার কৌশলগত পথ নিয়ন্ত্রণে নেয়। গত শনিবার জঙ্গিরা তাদের ওয়েবসাইটে এমন কিছু হত্যাযজ্ঞের ছবি প্রকাশ করে, যা নৃশংসতার চূড়ান্ত। তবে পশ্চিমা বিশ্ব এসব ছবির সত্যতা নিয়ে সন্দিহান। জঙ্গিরা যদিও এই হত্যাযজ্ঞে এক হাজার ৭০০ জনকে মেরে ফেলার দাবি করে দম্ভ ঝাড়ছে৷ বিশ্লেষকেরা অনেকে বলছেন যে ভীতি ছড়ানোর জন্যই এটা করেছে তারা।
সে যা-ই হোক, ইরাকের পরিস্থিতি এখন গৃহযুদ্ধকবলিত সিরিয়ার চেয়ে ভয়াবহ। সিরিয়ায় তবু প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কোনোমতে হলেও হালটা ধরে রেখেছেন। পাশে রাশিয়া, চীন ও ইরানের মতো বন্ধু রয়েছে। সেখানে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল– মালিকির অবস্থা দৃশ্যত বড়ই বেসামাল। বিশেষ করে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ও সেনাসদস্যদের দিয়ে কোনো ভরসা পাচ্ছেন না। এর মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে চারজন শীর্ষ সেনা কমান্ডারকে বরখাস্ত করেছেন তিনি। কিন্তু এসব সিদ্ধান্ত এ মুহূর্তে তাঁর জন্য কোনো সুফল বয়ে না এনে বরং জল ঘোলা করছে।
সাদ্দামকে উৎখাত করার পর থেকে ইরাকের বড় মুরব্বি হিসেবে ভূমিকা পালন করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এই দুর্দিনে তারা বুড়ো বাঘের মতো লেজ গুটিয়ে বসে আছে। সিরিয়া, মিসর, লিবিয়া—মধ্যপ্রাচ্যের এসব দেশে ছড়ি ঘুরিয়ে ইরাকের মতো ফায়দা তারা লুটতে পারেনি। বরং কোথাও কোথাও অর্থের শ্রাদ্ধসহ বড় ধরনের ছেঁচা খেতে হয়েছে। এখন ইরাকের রক্তঝরা সংঘাতময় পরিস্থিতি তাদের কাছে সিঁদুরে মেঘের মতো। সহজে এখানে নাক গলাতে চাইছে না তারা।
এ কারণে ধেয়ে আসা জঙ্গিদের সামাল দিতে যখন ইরাকি সরকার যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল, শুরুতে বিমুখ ছিল যুক্তরাষ্ট্র। শেষে অনেকটা ঠেকায় পড়ে ইরাকে মার্কিন সম্পদ ও বাগদাদে দূতাবাস রক্ষায় পৌনে তিন শ সেনা পাঠাতে রাজি হয়েছে। এর মধ্যে ১৭০ জন মার্কিন সেনা ইরাকে পাঠানো হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে সুন্নি জঙ্গিরা যেভাবে বাগদাদের দিকে দুর্বার বেগে ধেয়ে যাচ্ছে, তাদের কত দূর ঠেকাতে পারবে—এ নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে ইরাকের অনেক সাধারণ মানুষ অস্ত্র হাতে জঙ্গিদের মোকাবিলায় এগিয়ে এসেছে। এমনকি শিশুরাও পিছিয়ে নেই।
ইরাকে সংখ্যালঘু সুন্নিদের মধ্য থেকে সাদ্দামের সমর্থক উচ্চাভিলাষী উগ্রপন্থীরা মিলে গঠন করেছে এই জঙ্গি সংগঠন, যা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আল শাম) বলে পরিচিত। সংক্ষেপে আইএসআইএস। নিজেদের তারা জিহাদি আন্দোলনকারী বলে প্রচার করে থাকে। ২০১০ সালে আবু বকর আল বাগদাদি এ সংগঠনের নেতৃত্ব নেওয়ার পর এটি বেশ সবল হয়ে ওঠে এবং ইরাকসহ সিরিয়ার সীমান্ত এলাকায় তৎপরতা শুরু করে।
বর্তমানে এদের লক্ষ্য হচ্ছে, ইরাকে শিয়াদের আধিপত্যের অবসান ঘটিয়ে বাগদাদে সুন্নি ইসলামি সরকার প্রতিষ্ঠা করা। এ উদ্দেশ্য হাসিলে তারা বেছে নিয়েছে সহিংস অভিযান। এতে নারী ও নিষ্পাপ শিশুও পার পাচ্ছে না। তাদের ভয়ে ইরাক থেকে প্রতিদিনই দলে দলে পালাচ্ছে নিরীহ মানুষ। এক মসুল থেকেই পালিয়েছে পাঁচ লাখের বেশি ইরাকি।
ইরাকের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এসব জঙ্গিকে যতই দোষারোপ করা হোক না কেন, মধ্যপ্রাচ্যের ওই দেশে জঙ্গিবাদের বীজ বোনার জন্য বিশ্লেষকেরা অনেকে দায়ী করছেন যুক্তরাষ্ট্রকে।
২০০৩ সালের মার্চে ইরাকি নেতা সাদ্দাম হোসেনের সরকার উৎখাতে সে দেশে মার্কিন অভিযান শুরু হওয়ার পর থেকে ইরাকি জনগণের অশান্তির শুরু। সাদ্দামের শাসনামলে ইরাকের মানুষ কেমন ছিল, সেটা ভিন্ন কথা।
সাদ্দাম গণবিধ্বংসী মারণাস্ত্র নিয়ে বসে আছেন—এই অজুহাত তুলে যুক্তরাষ্ট্রের একতরফা সেই অভিযানের লক্ষ্য ছিল সাদ্দামের মতো অশান্তির দূতের একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করা। একই সঙ্গে ইরাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করে সে দেশে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু সাদ্দাম সরকারের পতন ঘটিয়ে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার পূরণ করতে পারেনি। বরং বুনে দিয়েছে অশান্তির বীজ।
নব্য রক্ষণশীলেরা একসময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাক অভিযানের সমর্থন করে বলেছেন, এটি মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মডেল হবে। বাস্তবে হয়েছে উল্টো। এ অভিযানের পরিণতিতে সে দেশে শিয়া-সুন্নি বিভেদসহ গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈরিতা ও সংঘাত বেড়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জুয়ান কোল বলেন, আল-কায়েদার সঙ্গে বাগদাদের যোগসূত্র রয়েছে—এই মিথ্যা অজুহাত তুলে ইরাকে অভিযান চালায় বুশ প্রশাসন। আসলে ওই সময় আল-কায়েদার সঙ্গে সাদ্দামের কোনো যোগাযোগই ছিল না। বরং ইরাক অভিযানের ফলে দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার কারণেই পরবর্তী সময়ে আল-কায়েদাসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের জঙ্গিরা সে দেশে তৎপরতা চালানোর সুযোগ পায়।
ইরাকে স্বৈরশাসক বলে চিহ্নিত সাদ্দাম হোসেন অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে ঘোর শত্রু ছিলেন। কিন্তু ইতিহাস বলছে, সাদ্দাম উৎখাত হওয়ার পর এক দশক ধরে ইরাকের যে পরিস্থিতি, সাদ্দামের শাসনামল এর চেয়ে অনেক ভালো ছিল।
লেখক-সাংবাদিক ডেক্সটার ফিলকিন্স বলেন, ‘২০০৩ সালের মার্চে মার্কিনিরা যখন ইরাক অভিযান চালায়, ওই সময় তারা দেশটির সেনাবাহিনী, আমলাতন্ত্র, পুলিশ বাহিনীসহ সব রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে ফেলে। পরবর্তী নয় বছর তারা ধ্বংস হওয়া জিনিসই নতুন করে গড়ার চেষ্টা চালিয়েছে।’ তিনি বলেন, ২০১১ সালে মার্কিন সেনারা ইরাক ত্যাগের পর দেশটির উন্নয়ন থেমে গেছে৷
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন. ‘আমরা অনেক আগেই সতর্ক করেছিলাম, ইঙ্গ-মার্কিন জোট যে অভিযানে নেমেছে, এর পরিণতি ভালো হবে না।’