
জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সর্বস্তরের প্রগতিশীল নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা।
বক্তারা বলেন, জঙ্গিবাদ মানবতার শত্রু। তারা বিভিন্ন দেশের তরুণদের প্রভাবিত করে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত করছে। এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে ছাত্রসমাজ যাতে এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য এগিয়ে আসতে হবে শিক্ষকদের। ছাত্রদের বোঝাতে হবে জঙ্গিবাদের মাধ্যমে সে ও তার পরিবার কীভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সম্মিলিত প্রগতিশীল ফোরাম চট্টগ্রামের আয়োজনে ১৮ জুলাই শহীদ মিনার প্রাঙ্গণে জঙ্গিবাদ বিরোধী এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
সমাবেশে বক্তারা দেশব্যাপী ইমাম, পুরোহিত, বৌদ্ধভিক্ষু, ধর্মযাজক, লেখক ও প্রকাশক হত্যা এবং সম্প্রতি ঢাকার গুলশান ও শোলাকিয়ায় পরিকল্পিত জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, সাংস্কৃতিক এবং প্রগতিশীল সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে সম্মিলিত আবৃত্তি জোটের শিল্পীরা প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন। গণসংগীত পরিবেশন করেন মঞ্চ ও বেতারশিল্পী সংস্থার শিল্পীরা। সমাবেশ শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বিশ্বব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন নাট্যজন সাইফুল আলম। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, প্রেসক্লাব সভাপতি কলিম সারওয়ার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএমএর সাধারণ সম্পাদক মো. শরীফ, আইনজীবী নেতা মুজিবুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, সেক্টরস কমান্ডারস ফোরামের সদস্য বি কে বিশ্বাস, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফারুক তাহের প্রমুখ।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়: বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই বিজিসি বিদ্যানগরে ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রণজিৎ কুমার ধর, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল হুদা শিকদার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব, রেজিস্ট্রার ইনচার্জ আ ফ ম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর মো. সরোয়ার উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, সহকারী অধ্যাপক খালেদ বিন চৌধুরী, নুরুল আবছার, মোহাম্মদ ইকরাম উদ্দীন খান চৌধুরী, প্রভাষক ধীমান বড়ুয়া, ইমরান চৌধুরী, গোলাম শাহরিয়ার, রাশিদ্দুজ্জামান প্রমুখ।

চন্দনাইশ: বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দক্ষিণ জেলার উদ্যোগে গত শুক্রবার জঙ্গিবাদবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন চন্দনাইশ উপজেলার রৌশনহাট মহাসড়কে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু ছালেহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর আলম।
এতে বক্তব্য দেন আ জ ম সেলিম, মুন্সী আবদুর রউফ, জাহাঙ্গীর আলম, বাপ্পী চৌধুরী, অভিজিৎ ভট্টাচার্য, নাজিম উদ্দীন, সৈকত দাশ, কাঞ্চন আচার্য, রাশেদুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ ইসলাম ও দেশের ক্ষতি করছে। ইসলামের নাম ব্যবহার করে মানুষ হত্যা সভ্যতার পরিপন্থী কাজ। নতুন প্রজন্মকে এ অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমাবেশ শেষে জঙ্গিবাদবিরোধী মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অানোয়ারা: গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে ১৪ জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এইচ এম ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
বক্তব্য দেন কলেজ কফিল উদ্দিন, মো. শাকিল, মোস্তাফিজুর রহমান, মো. হান্নান, রিপন উদ্দিন, মঈম উদ্দিন, সাইফুল ইসলাম, রিটন নাথ, ইলিয়াছ পারভেজ, তারেক আজিজ, সাইফুদ্দিন প্রমুখ।
বিক্ষোভ মিছিল আনোয়ারা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।