জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ​প্রতিনিধিদের পাঠানো খবর:

আনোয়ারা: আনোয়ারা উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ সেপ্টেম্বর জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৬টি বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও ৩টি কলেজ রয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেকেএস উচ্চবিদ্যালয়: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটির সদস্য মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জুঁইদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও আনোয়ারা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুল হক।

আনোয়ারা কলেজ: আনোয়ারা কলেজে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী। সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটির সদস্য ফজলুল করিম, কলেজের উপাধ্যক্ষ রিদুয়ানুল হক প্রমুখ।

বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়: বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা সংসদের সদস্য বাবুল চন্দ্র শীল, সাবেক সদস্য আবুল ফরহাদ কাঞ্চন। বক্তব্য দেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মনজুর আলম, আবদুল হালিম চৌধুরী ও জাহাঙ্গীর আলম।

সাতকানিয়া: সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ৩ সেপ্টেম্বর জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল মন্নান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আজম খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, সহকারী শিক্ষক শিখা চক্রবর্তী, শিক্ষার্থী নাজাত নাদিয়া ও আনতারা বরমা প্রমুখ। বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক কাজ করছে, তারা ইসলামের শত্রু। তাদের কোনো দেশ নেই, ধর্ম নেই। এদের ব্যাপারে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সজাগ থাকতে হবে।

এদিকে একই দিন সকালে সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মোটর শোভাযাত্রা বের হয়। মোটর শোভাযাত্রাটি উপজেলার চরতি ইউনিয়ন থেকে শুরু হয়ে ছদাহা ইউনিয়ন ঘুরে লোহাগাড়া উপজেলায় গিয়ে শেষ হয়।

পটিয়া: চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ সেপ্টেম্বর সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা ও মানববন্ধন হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ধর্মের সঠিক ব্যাখ্যা ও ইতিহাস জানাতে হবে।

৩ সেপ্টেম্বর দুপুরে পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ পাল। সহকারী শিক্ষক শহীদুল আজমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ।

ওই দিন দুপুরে পটিয়া এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী মানববন্ধন করেছে। মানববন্ধন চলাকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সামশুদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, পৌরসভার মেয়র হারুনুর রশিদ, প্রধান শিক্ষক ছগির মোহাম্মদ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম প্রমুখ।

একই দিন পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয় এবং হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চকরিয়া ও পেকুয়া: কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ সেপ্টেম্বর সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, অল্প কয়েকজন জঙ্গির হাতে গোটা দেশ জিম্মি হতে পারে না। এ জন্য সচেতনতা দরকার। ঐক্যবদ্ধভাবে সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

চকরিয়া কমার্স কলেজ:চকরিয়া কমার্স কলেজের সম্মেলনকক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কলেজের শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ আজাদ, আব্দুল্লাহ আল নোমান, মুবিনুল হক, শেখ শাহজাহান হোছাইন, হোছাইন আহমদ, নাছরিন সুলতানা।

চকরিয়া কলেজ: চকরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ সাহাবুদ্দিন মাহমুদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. শহিদুর রহমান প্রমুখ।

পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়: পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ছফওয়ানুল করিম, আইনজীবী মীর মোশারফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল কাদের, সহকারী শিক্ষক আবসার হোসেন, আনোয়ারুল করিম প্রমুখ।

পেকুয়া পাইলট স্কুল:পেকুয়া পাইলট স্কুলের হলরুমে স্কুলের প্রধান শিক্ষক শফিউল্লাহ কুতুবীর সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।